পটুয়াখালীর কুয়াকাটায় পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের জেরে দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি কে এম বাচ্চুর ওপর হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর আহত করেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা হোটেল সৈকতের সামনের সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সৈকতের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় লতাচাপলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বাইজিদ রানা ও কুয়াকাটা পৌর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক হারুন মুসল্লির নেতৃত্বে আরও ৫ থেকে ৬ জন অংশ নেন। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার মাথা ও দুই পায়ে উপর্যুপরি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তার আত্মচিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। পুরো ঘটনা তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাম্প্রতিক একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক। এ ন্যাক্কারজনক ঘটনায় কুয়াকাটাসহ গোটা জেলার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সময়ের আলো/জোই