চট্টগ্রামের লোহাগাড়ায় হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলমগীর (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদরের নতুন সাউন্ড হেলথ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ আলমগীর উপজেলার উত্তর আমিরাবাদ তজু মুন্সীর গ্যারেজ এলাকার বাসিন্দা। তিনি ওই হাসপাতালের ঠিক সামনেই একটি হোটেল পরিচালনা করতেন।
প্রত্যক্ষদর্শী আবদুল্লাহ আল নোমান জানান, আলমগীরের স্ত্রী নতুন সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে দেখতে যাওয়ার জন্যই তিনি মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এরপর পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তার ওপর দিয়ে চলে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নতুন সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
নতুন সাউন্ড হেলথ হাসপাতালের চিকিৎসক ডা. প্রলয় চৌধুরী জানান, আলমগীরের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়।
নিহতের ভাগ্নে মোহাম্মদ রিদুয়ান জানান, চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, আহত ব্যক্তি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই