মালদ্বীপ সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় চা চক্রের আয়োজন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে বর্তমানে দেশটি সফর করছেন তিনি।
দুই দেশের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যেই সরকারি সফরে মালদ্বীপে পৌঁছানোর পর প্রেসিডেন্ট মুইজ্জু এই চা চক্রের আয়োজন করেন।
মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশটি সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সফরের অংশ হিসেবে তিনি মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন।
শনিবার মালদ্বীপে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ড. খলিলুর রহমানকে স্বাগত জানান।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরকে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের মতে, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে আরও গভীর সম্পৃক্ততার পথ সুগম হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘এই সফর আগামী বছরগুলোতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ভিত্তি তৈরি করবে।’
সফরকালে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ড. খলিলুর রহমান। এ ছাড়া মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
ওই বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের অংশীদারত্ব আরও শক্তিশালী করার উপায়, বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবেন দুই দেশের প্রতিনিধিরা। পাশাপাশি আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য, কর্মসংস্থান, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একই সঙ্গে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রবাসী মালদ্বীপের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
গত ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ড. খলিলুর রহমানের প্রথম সরকারি মালদ্বীপ সফর।
একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে কাতারের দোহা হয়ে মালদ্বীপে পৌঁছেছেন ড. খলিলুর রহমান।
সময়ের আলো/আরবিএন