রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি এলাকায় পুকুর থেকে সামিদুল ইসলাম (৪০) নামে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) সকালে রাজাবাড়ী চেকপোস্টসংলগ্ন রাজাবাড়ী হাট উচ্চবিদ্যালয়ের পাশের পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে গোদাগাড়ী প্রেমতলী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
নিহত সামিদুল ইসলাম উপজেলার রাজাবাড়ী এলাকার বিজয়নগর কলোনি গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সামিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গত শুক্রবার দুপুরে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যদের ধারণা, তিনি ওই সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। স্থানীয়দের ভাষ্য, মাদকের প্রভাবে তিনি মাঝেমধ্যে মানসিক ভারসাম্যহীন আচরণও করতেন।
গোদাগাড়ী প্রেমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস. এম. মাকছুদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
সময়ের আলো/মহু