বান্দরবানের থানচি উপজেলার রাজা পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলামের (২৪) মরদেহ ২ দিন পর উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দা ও বিজিবি সদস্যরা।
রোববার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে রাজা পাথর এলাকার নিচে ‘নাইঅই কুম’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাওয়াদ উল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই দুপুরে ১৩ সদস্যের একটি পর্যটক দল মোটরসাইকেলে ডিম পাহাড়ের ২১ কিলোমিটার সড়ক হয়ে তিন্দুতে পৌঁছায়। পরে সেখান থেকে নৌকাযোগে লাংলোক ঝরনা দেখতে যাওয়ার পথে রাজা পাথর এলাকায় প্রবল স্রোতের মধ্যে নৌকাটি ডুবে যায়। এ সময় জাওয়াদ নিখোঁজ হন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। টানা ২ দিনের অভিযানের পর রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
থানচি বোট মালিক সমিতির সভাপতি মংপ্রু অং মারমা জানান, ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় ১ কিলোমিটার নিচে ‘নাইঅই কুম’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহ এখনো থানচি সদরে পৌঁছেনি। মরদেহ থানায় আনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সময়ের আলো/মহু