বিশ্বকাপের হতাশা ও দীর্ঘ নীরবতার পর আবারও জনসম্মুখে দেখা দিলেন লিওনেল মেসি। পরিবারের পরিচালিত ক্লাব লিওনেস এফসির একটি ম্যাচ দেখতে শনিবার আর্জেন্টিনার আরোয়ো সেকো শহরের স্টেডিয়ামে উপস্থিত হন আর্জেন্টিনা অধিনায়ক।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মেসি জানিয়েছিলেন, এই পরাজয়ের কষ্ট কাটিয়ে উঠতে সময় লাগবে। এরপর সতীর্থরা দেশে ফিরলেও তিনি যুক্তরাষ্ট্র থেকে একাই আর্জেন্টিনায় ফেরেন এবং পরিবারের সঙ্গে ব্যক্তিগত সময় কাটান।
শনিবারের উপস্থিতিই ছিল বিশ্বকাপের পর তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। আর্জেন্টাইন রেডিও স্টেশন ‘কাদেনা ৩ রোসারিও’ প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কালো হুডি পরা মেসি স্টেডিয়ামের বারান্দায় দাঁড়িয়ে আছেন। তাকে দেখে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করলে তিনি হাসিমুখে হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন।
রেডিও স্টেশনটির পক্ষ থেকে জানানো হয়, মেসি লিওনেস এফসির ম্যাচ দেখতে আরোয়ো সেকোতে এসেছিলেন এবং সেখানে বিশেষ শুভেচ্ছা বার্তাও দিয়েছেন।
গত ২১ জুলাই পরিবার নিয়ে রোসারিওতে ফেরার পর থেকে নিজেকে অনেকটাই আড়ালে রেখেছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। বিশ্বকাপের পরাজয়ের ধাক্কা সামলাতে তিনি পরিবারকে সময় দিচ্ছিলেন।
মেসির পরিবার প্রতিষ্ঠিত লিওনেস এফসির সভাপতি তার ভাই মাতিয়াস মেসি। আর্জেন্টিনার চতুর্থ বিভাগের এই ক্লাবটি আরোয়ো সেকোর আন্তোনিও দি গিয়াকোমো স্টেডিয়ামে নিজেদের ম্যাচ আয়োজন করে।
সময়ের আলো/এমকে