বিশ্বকাপে সীমিত সময় মাঠে নামার সুযোগ, শেষ ষোলোতেই নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এবং এরপর বিদায়ের ইঙ্গিতপূর্ণ বার্তা-সব মিলিয়ে নেইমার জুনিয়রকে ঘিরে আলোচনার শেষ ছিল না। সেই বিতর্কের মাঝেই ক্লাব ফুটবলে ফিরেই জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা। তবে গোল উদ্যাপনেও উঠে এসেছে সাম্প্রতিক পোকার বিতর্কের ছাপ।
রোববার ব্রাজিলেইরো সিরি ‘এ’-তে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। দলের হয়ে দুটি গোলই করেছেন নেইমার। বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে নেমে প্রায় ৩৫ মিনিট খেলার সুযোগ পাওয়া এই ফরোয়ার্ড এবার সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন।
ম্যাচের ৩৬ মিনিটে প্রতিপক্ষের বক্সে সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল আদান-প্রদানের পর আলতো শটে জালের দেখা পান নেইমার। গোলের পর তিনি হাত নেড়ে পোকার খেলার ভঙ্গিতে উদ্যাপন করেন। পরে ৫১ ও ৬২ মিনিটে দুটি গোল করে এগিয়ে যায় চ্যাপেকোয়েন্স। শেষ পর্যন্ত ৮৯ মিনিটে সান্তোস পেনাল্টি পেলে স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-২ সমতায় ফেরান নেইমার।
বিশ্বকাপের আগে নিজের সম্ভাব্য শেষ আসরটি খেলতে মুখিয়ে ছিলেন নেইমার। নানা জল্পনার পর কার্লো আনচেলত্তির ঘোষিত ব্রাজিল দলে জায়গা পেলেও মাঠে নামতে পেরেছিলেন মাত্র প্রায় ৩৫ মিনিট। ফিটনেস-সংক্রান্ত জটিলতার কারণে কোচ তাকে দুই ম্যাচেই শেষ দিকে বদলি হিসেবে খেলান। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে একের পর এক সুযোগ নষ্ট করে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন নেইমার।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এক বার্তায় বিদায়ের ইঙ্গিত দেন তিনি। তবে সেটি বিশ্বকাপকে বিদায় নাকি জাতীয় দলকে বিদায় তা স্পষ্ট করেননি। এরপর নিউইয়র্কে জনপ্রিয় জুয়া ও বুদ্ধিবৃত্তিক কার্ড গেম ‘পোকার’-এর একটি টুর্নামেন্টে অংশ নেন তিনি। সেখানে বেশিদূর এগোতে পারেননি। পরে দেশে ফিরে সাও পাওলোতে আরও একটি পোকার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েন ব্রাজিল তারকা।
বিতর্কের জবাবে গণমাধ্যমের সামনে নেইমার বলেন, ‘আমি এখানে দ্বিতীয় অনুশীলন সেশনের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন মনে পড়ল যে অনেকেই আমার পোকার খেলা নিয়ে আলোচনা করছে। আমি সকালে কাজ করেছি, খেলায় যাইনি, বরং অনুশীলনে ফিরে এসেছি। আমার তখন ছুটি ছিল। যা-ই হোক, ওরা তো কথা বলেই যাবে। আমি অনুশীলনের প্রস্তুতি নিচ্ছি। আমি কি অনুশীলন করতে পারব, নাকি তোমরা এভাবেই পেছনে লেগে থাকবে? নিজেদের জীবন নিয়ে ভাবো।’
সময়ের আলো/আরবিএন