ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের সিনিয়র দলের জার্সিতে প্রথমবার মাঠে নেমেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার।
শনিবার (২৫ জুলাই) মটস্পার পার্কে অনুষ্ঠিত ম্যাচে বিরতির পর, ৪৬তম মিনিটে উইঙ্গার কেভিনের পরিবর্তে মাঠে নামানো হয় ফারহানকে।
মাঠে নেমেই নিজের সামর্থ্যের আভাস দেন তিনি। দূরপাল্লার একটি দারুণ বাঁকানো শট নেন, যা নরউইচ গোলরক্ষক ভ্লাদান কোভাচেভিচ দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন।
যদিও ম্যাচে ফুলহাম ২-০ গোলে পরাজিত হয়, তবে নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে মূল দলে ফারহানের ৪৫ মিনিটের পারফরম্যান্স তাকে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন আরও জোরালো করেছে। নতুন মৌসুম শুরুর আগে ফুলহামের আরও চারটি প্রীতি ম্যাচ রয়েছে, যেখানে মূল দলে নিজের জায়গা আরও শক্ত করার সুযোগ থাকবে তার।
চেলসি একাডেমি থেকে ১২ বছর বয়সে ফুলহামে যোগ দেওয়া ফারহান বয়সভিত্তিক দলগুলোতে ধারাবাহিকভাবে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে আসছেন। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি অনূর্ধ্ব-২১ দলের অভিষেক ম্যাচেও গোল করেন তিনি। ২০২৫ সালের নভেম্বরে প্রিমিয়ার লিগ টুয়ের মাসসেরা ফুটবলারের স্বীকৃতিও পান এই উইঙ্গার।
লেস্টার সিটির হয়ে এফএ কাপজয়ী হামজা চৌধুরীর পর ইংল্যান্ডের মূল ধারার ফুটবলে উঠে আসা আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে ফারহানকে নিয়ে আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এর আগে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছিলেন, বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী ফারহান। চলতি সপ্তাহেই বাংলাদেশি পাসপোর্টের জন্য তার বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/আরবিএন