বিশ্বকাপের দেড় মাসের ফুটবল উন্মাদনার পর এবার ক্লাব ফুটবলের উত্তেজনায় ফিরছে বিশ্ব। স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের পর্দা নামতেই ইউরোপের শীর্ষ পাঁচ লিগের নতুন মৌসুম শুরুর অপেক্ষায় দিন গুনছেন সমর্থকেরা।
বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় আসর বিশ্বকাপের জন্য চার বছর অপেক্ষা করেন ফুটবলপ্রেমীরা। এবারই প্রথম ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্ট। প্রায় দেড় মাসব্যাপী সেই ফুটবল উৎসব শেষ হওয়ার পর এখন দৃষ্টি ক্লাব ফুটবলে।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জেতার মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলের এবারের অধ্যায়ের সমাপ্তি হয়েছে। তবে ফুটবলারদের বিশ্রামের সুযোগ খুব বেশি নেই। আগামী আগস্ট থেকেই শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ২০২৬-২৭ মৌসুম। বিশ্বকাপের আবহ নিয়েই সমর্থকেরা এখন অপেক্ষা করছেন নিজেদের প্রিয় ক্লাবের খেলা দেখার।
নির্ধারিত সূচি অনুযায়ী, নতুন মৌসুমের পর্দা সবার আগে উঠবে স্প্যানিশ লা লিগায়। আগামী ১৫ আগস্ট বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় আলাভেস ও গেতাফের ম্যাচ দিয়ে শুরু হবে লিগের নতুন আসর।
এর এক সপ্তাহ পর, ২২ আগস্ট একই দিনে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ ওয়ান ও ইতালিয়ান সিরি আ।
প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল নিজেদের মাঠে কভেন্ট্রি সিটির মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
একই দিনে লিগ ওয়ানে রাত পৌনে ১টায় স্ত্রাসবুর্গকে আতিথ্য দেবে অলিম্পিক মার্সেই। আর সিরি আতে রাত সাড়ে ১০টায় উদিনেসে-কোমো ম্যাচের পাশাপাশি বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান খেলবে মোঞ্জার বিপক্ষে।
সবশেষে আগামী ২৯ আগস্ট বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে জার্মান বুন্দেসলিগার নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্টুটগার্ট।
ইউরোপের শীর্ষ ৫ ফুটবল লিগ যেদিন থেকে শুরু
(বাংলাদেশ সময়)
লা লিগা : ১৫ আগস্ট
আলাভেস বনাম গেতাফে
রাত ১১:৩০
ইংলিশ প্রিমিয়ার লিগ : ২২ আগস্ট
আর্সেনাল বনাম কভেন্ট্রি সিটি
রাত ১:০০
ফরাসি লিগ ওয়ান : ২২ আগস্ট
অলিম্পিক মার্সেই বনাম স্ত্রাসবুর্গ
রাত ১২:৪৫
ইতালিয়ান সিরি আ : ২২ আগস্ট
উদিনেসে বনাম কোমো
ইন্টার মিলান বনাম মোঞ্জা
রাত ১০:৩০
জার্মান বুন্দেসলিগা : ২৯ আগস্ট
বায়ার্ন মিউনিখ বনাম স্টুটগার্ট
রাত ১২:৩০
সময়ের আলো/আরবিএন