২০২৬ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় উঠে আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা এবার চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর খুব কাছাকাছি। শুক্রবার ক্লাবটির সভাপতি আনিবাল মোসা নিশ্চিত করেছেন, ৪০ বছর বয়সী এই গোলরক্ষককে দলে ভেড়ানোর প্রক্রিয়া চলছে।
পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে থাকা ভোজিনহা শিগগিরই চিলিতে যাবেন। সেখানে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার পর কোলো কোলোর মাঠ এস্তাদিও মনুমেন্তালে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ভোজিনহাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করে সভাপতি আনিবাল মোসা বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই তিনি চিলিতে আসছেন এবং সব আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের দলের অংশ হবেন।’
যদিও দুই পক্ষের মধ্যে চূড়ান্ত চুক্তি এখনো সম্পন্ন হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কোলো কোলো একটি ছবি প্রকাশ করে তার দলে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে। কেপ ভার্দের এই গোলরক্ষকের কোঁকড়ানো চুলের প্রতি ইঙ্গিত করে ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘অরা।’
শাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবেই ২০২৬ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন ভোজিনহা। কিন্তু টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে তিনি বিশ্বের অন্যতম আলোচিত গোলরক্ষকে পরিণত হন। বিশ্বকাপ শেষে তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮.৩ মিলিয়নে। পাশাপাশি সমর্থকদের ভোটে তিনি জায়গা করে নেন টুর্নামেন্টের সেরা একাদশেও।
পেশাদার ক্যারিয়ারে আরও এক বা দুই মৌসুম খেলার ইচ্ছার কথা জানিয়ে সম্প্রচারমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভোজিনহা বলেছিলেন, ‘আমি এমন একটি দল চাই, যারা আমার খেলোয়াড়ি দক্ষতাকে মূল্যায়ন করবে, শুধু মার্কেটিংয়ের জন্য কিনবে না।’ সে সময় তাকে ঘিরে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল।
১৯২৫ সালে প্রতিষ্ঠিত কোলো কোলো চিলির সবচেয়ে জনপ্রিয় ও সফল ফুটবল ক্লাব। সান্তিয়াগোভিত্তিক এই দলের বর্তমান কোচ আর্জেন্টিনার ফার্নান্দো অর্তিজ। দলে আছেন অভিজ্ঞ মিডফিল্ডার আর্তুরো ভিদালের মতো তারকাও। ক্লাবটি এখন পর্যন্ত ৩৪টি চিলিয়ান লিগ, ১৪টি কোপা চিলি এবং ১৯৯১ সালের কোপা লিবার্তাদোরেস জিতেছে। ওই লিবার্তাদোরেস শিরোপাটি এখনো পর্যন্ত কোনো চিলিয়ান ক্লাবের প্রথম ও একমাত্র শিরোপা।
সময়ের আলো/আরবিএন