চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে ফাঁড়ির সদস্যরা গ্লাসে পানি ঢাললে, তাতে সাদা ফেনা ও বিষাক্ত গন্ধ পাওয়া যায়। এতে তাৎক্ষণিকভাবে সন্দেহ তৈরি হলে, তারা পানি পান করা থেকে বিরত থাকেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, পুলিশ ফাঁড়ির পানিতে বিষ মেশানোর খবর তিনিও শুনেছেন। ঘটনাস্থলে ওসিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত আছেন এবং পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। কে বা কারা এই ন্যক্কারজনক কাজের সঙ্গে জড়িত, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে ভূমিদস্যুমুক্ত ও পাহাড়ি সরকারি খাসজমি উদ্ধার করতে প্রশাসন দীর্ঘদিন ধরে নানামুখী অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানে ক্ষুব্ধ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে এলাকা ছাড়া করতে একাধিকবার হামলা চালানো হয়েছে। এছাড়া, নানান উপায়ে সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সরিয়ে দেওয়ার চেষ্টা পরিলক্ষিত হয়েছে।
এর আগে, সেখানে র্যাবের ক্যাম্পে গুলিবর্ষণ এবং স্থাপনা ভাঙচুর করার ঘটনাও ঘটেছিল। প্রশাসনের বিশেষ নজরদারি সত্ত্বেও এবার পুলিশ সদস্যদের বিষ খাইয়ে অঘটন ঘটানোর চক্রান্ত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
সময়ের আলো/মহু