কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে ‘জুলাই পদযাত্রা’ ঘিরে যখন সকল প্রস্তুতি শেষ, সেই মুহূর্তেই গাংনীতে দেখা গেল ভিন্ন চিত্র। শহরের প্রধান সড়কগুলোতে বিদ্যুৎ ও ইন্টারনেটের তারে ঝুলছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের ছবিসংবলিত কুশপুত্তলিকা।
সোমবার (২৭ জুলাই) ভোরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, র্যাব ক্যাম্প এবং পল্লী বিদ্যুৎ অফিসের সামনে শহরের ৩ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে খড় ও সাদা কাপড়ে মুড়িয়ে তৈরি এসব কুশপুত্তলিকা ঝুলতে দেখেন পথচারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুলন্ত পুত্তলিকাগুলোর বুকে সাঁটানো ছিল এনসিপির ৩ কেন্দ্রীয় নেতার ছবি। নিচে বড় অক্ষরে লেখা-‘তরুণ সমাজকে ললিপপ ধরিয়ে দেশ নিল রসাতলে; এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন।’ ভোরে পথচারী ও প্রাতঃভ্রমণকারীদের নজরে আসার পর বিষয়টি নিয়ে শহরজুড়ে তীব্র কৌতূহল ও জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল থেকে কুশপুত্তলিকাগুলো উদ্ধার করে নিয়ে যায়।
বিকেলেই গাংনীতে এনসিপির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠিক কর্মসূচি শুরুর কয়েক ঘণ্টা আগে রাতের আঁধারে এমন ঘটনা রাজনৈতিক পরিমণ্ডলে নতুন করে রহস্য ও মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। ঘটনার পেছনে কর্মসূচিতে ব্যাঘাত ঘটানো বা জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কোনো অশুভ চক্র বিভ্রান্তি ছড়াতে এই কাজ করে থাকতে পারে। ঘটনার পেছনে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
সময়ের আলো/মহু