ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীর একটি পুরোনো বক্তব্য সম্প্রতি আবারও সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে। ২০২৩ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে দেওয়া ওই বক্তব্যে তিনি কংগ্রেসের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতিকে কটাক্ষ করতে গিয়ে দাবি করেছিলেন, অতীতে লোডশেডিং বেশি হওয়ায় দেশটির জনসংখ্যা বেড়েছিল।
সে সময় কর্ণাটক নির্বাচনের প্রচারণায় কংগ্রেস ঘোষণা দিয়েছিল, ক্ষমতায় এলে প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হবে। রাজ্যজুড়ে আয়োজিত ‘প্রজা ধ্বনি যাত্রা’ কর্মসূচির সময় দলটি এই নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে।
এই ঘোষণার জবাবে এক জনসভায় প্রহ্লাদ জোশী বলেন, কংগ্রেস বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা বললেও অতীতে তারা কখনোই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি। তার ভাষ্য অনুযায়ী, কংগ্রেস আমলে গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকত না, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারই ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছে।
বক্তব্যের এক পর্যায়ে কংগ্রেসকে ব্যঙ্গ করে তিনি মন্তব্য করেন, অতীতে বিদ্যুতের ঘাটতি ও ঘনঘন লোডশেডিংয়ের কারণেই দেশের জনসংখ্যা বেড়েছে। সেই মন্তব্যের ভিডিওটি প্রকাশের পর ব্যাপক আলোচনা, সমালোচনা ও হাস্যরসের জন্ম দেয়। সম্প্রতি ভিডিওটি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
সময়ের আলো/ইউএমএইচ