ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আয়োজিত আলোচনা সভায় সৃষ্ট হট্টগোলের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য এস এম সুইটকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। হট্টগোলে প্রত্যক্ষ ইন্ধন ও সম্পৃক্ততার অভিযোগে তাকে এ নোটিশ দেওয়া হয়।
সোমবার (২৭ জুলাই) এনসিপির কেন্দ্রীয় দফতর সেলের সদস্য মোহাম্মদ উসামা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই ঘটনায় তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রশক্তি। রোববার রাতে সংগঠনটির কেন্দ্রীয় দফতর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত পৃথক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইবি শাখা ছাত্রশক্তি আয়োজিত জুলাই স্মৃতিচারণমূলক আলোচনা সভায় সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে এসেছে। এ ঘটনার তদন্তে কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের অনুমোদনক্রমে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, হাসিব আল ইসলাম, মাহফুজুর রহমান ও শাবাব হোসেন মেহের। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এনসিপি নেতা এস এম সুইটকে দেওয়া শোকজ নোটিশে বলা হয়, প্রাথমিক পর্যবেক্ষণে হট্টগোলের ঘটনায় গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সুইট আপনার প্রত্যক্ষ ইন্ধন ও সম্পৃক্ততার বিষয়টি প্রতীয়মান হয়েছে, যা সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী। এ অবস্থায় আপনার বিরুদ্ধে কেন সংগঠনের নীতি ও গঠনতন্ত্র অনুযায়ী চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় দফতরের মাধ্যমে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বরাবর লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে জানতে এনসিপি নেতা এস এম সুইটকে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।
সময়ের আলো/জোই