রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরে অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
সোমবার (২৭ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামের আলম সরদার (৪০), ডাউকি গ্রামের মো. ইব্রাহিম শেখ (৪৪), কৈডাঙ্গা গ্রামের মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মধ্যপাড়া গ্রামের মো. ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদ (৩৭) ও কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের রাজু আহমেদ টোকন (৪৫)।
র্যাব জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রামকান্তপুরের কৈডাঙ্গা এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে আলম সরদার ও বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১টি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, ১টি একনলা বন্দুক এবং ৩টি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এসময় ওই দুই বাড়ি থেকে উল্লিখিত ৫ অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মো. ইব্রাহিম শেখের বিরুদ্ধে ১ টি অস্ত্র মামলা, মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ২ টি মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি এবং ডাকাতি সংক্রান্ত মোট ৩ টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
সময়ের আলো/মহু