ট্রফি না পাওয়ার কষ্ট থাকবে : এমবাপে

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ শেষ, কিন্তু শিরোপা হারানোর যন্ত্রণা এখনও কাটেনি কিলিয়ান এমবাপের। টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর সমর্থকদের উদ্দেশ্যে এক আবেগঘন

2026-07-28T04:50:27+00:00
2026-07-28T04:50:27+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
খেলা
ট্রফি না পাওয়ার কষ্ট থাকবে : এমবাপে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৫০ এএম 
কিলিয়ান এমবাপে। সংগৃহীত ছবি
বিশ্বকাপ শেষ, কিন্তু শিরোপা হারানোর যন্ত্রণা এখনও কাটেনি কিলিয়ান এমবাপের। টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর সমর্থকদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তায় ফ্রান্সের অধিনায়ক বলেছেন, ট্রফি জিততে না পারার কষ্ট থাকলেও দলের লড়াই এবং সমর্থকদের ভালোবাসা তাকে গর্বিত করেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ বার্তার শুরুতেই এমবাপে লেখেন, ‘ধন্যবাদ। এটি ছিল আবেগ, আত্মত্যাগ আর ফ্রান্সের জার্সি গায়ে চাপানোর গর্বে ভরা একটি মাস। মাঠে আমাদের যে আবেগ লড়াই করতে শিখিয়েছে, সেই একই আবেগ আপনাদেরও ঘরে বসে কিংবা গ্যালারিতে আমাদের পাশে রেখেছে। আমরা একসঙ্গে একটি অবিশ্বাস্য গল্পের অংশ ছিলাম।’

বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হওয়ার আক্ষেপ লুকাননি ফরাসি অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা দলগত ট্রফি নিয়ে ফিরতে পারিনি। এটা কষ্ট দেয়, আর কিছু দিন সেই কষ্ট থাকবে। আমি আপনাদের মিথ্যা বলব না। গোল্ডেন বুট জিতেছি, কিন্তু বিশ্বকাপ ট্রফিটা যদি এর পাশে থাকত তা হলে এই অর্জনের মূল্য আরও অনেক বেশি হতো। হয়তো আপনারা আরও সুন্দর একটি সমাপ্তি আশা করেছিলেন। কিন্তু গল্পের শেষটা সবসময় আমাদের হাতে থাকে না। আমাদের হাতে থাকে আমরা কতটা উজাড় করে দেব, আর আমরা আমাদের সবটুকুই দিয়েছি।’

টুর্নামেন্টে ১০ গোল করে গোল্ডেন বুট জেতা এমবাপে ব্যক্তিগত এই অর্জনের কৃতিত্বও পুরো দলকে দিয়েছেন। তিনি বলেন, ‘সতীর্থদের পরিশ্রম, দৌড়, পাস এবং দলীয় চেতনা ছাড়া আমি এতগুলো গোল করতে পারতাম না। এই পুরস্কার যতটা আমার, ঠিক ততটাই পুরো দলের।’ নিজের বিশ্বকাপ যাত্রা নিয়েও আবেগ প্রকাশ করেন এমবাপে। 

ছোটবেলায় অন্তত একবার বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেছিলেন জানিয়ে তিনি বলেন, ‘এখন আমি তিনটি বিশ্বকাপ খেলেছি, একটি জিতেছি এবং এবার দেশের অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার সম্মান পেয়েছি। এই স্মৃতি আমি কখনো ভুলব না।’

সময়ের পার্থক্য উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত জেগে খেলা দেখা সমর্থকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান ফরাসি অধিনায়ক। তার ভাষায়, ‘আপনারা কখনোই আমাদের ওপর বিশ্বাস হারাননি। সবচেয়ে কঠিন সময়েও না, এমনকি যখন আমরা সেই বিশ্বাসের সবচেয়ে কম যোগ্য ছিলাম তখনও না। এই গল্প শুধু মাঠের ১১ জনের নয়, কোটি সমর্থকেরও।’ 


এ সময় প্রধান কোচ দিদিয়ের দেশম, কোচিং স্টাফ, ফিজিও, ফিটনেস কোচ, রাঁধুনি, চালকসহ দলের নেপথ্যে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান এমবাপে। বার্তার শেষদিকে ফুটবলের প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরে তিনি বলেন, ‘শেষ পর্যন্ত ফুটবল একটি খেলাই। একটি বল, একটি গোলপোস্ট আর গোল করার ইচ্ছা- এই সরল বিষয়গুলোই ফুটবলকে সারা বিশ্বের মানুষের আবেগের জায়গায় পরিণত করেছে।’

সবশেষে ভবিষ্যতের আশা ব্যক্ত করে এমবাপে লেখেন, ‘বিশ্বকাপ শেষ হয়েছে, কিন্তু গল্প শেষ হয়নি। সামনে আরও ম্যাচ আসবে, আরও অনেক রাত আসবে, যখন আমরা আবারও একই আবেগ নিয়ে এক হব। আমাদের যাত্রা এখনও অনেক বাকি।’

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   ট্রফি  কষ্ট  এমবাপে  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: