সবচেয়ে সৎ কোন দেশের মানুষ, গবেষণায় যা মিলল

সময়ের আলো ডেস্ক

বিবিধ

একটি হারানো ওয়ালেট মানুষের নৈতিকতার পরীক্ষা নিতে পারে। সুযোগ থাকা সত্ত্বেও কেউ সেটি ফিরিয়ে দেন, আবার কেউ নিজের কাছে রেখে

2026-07-28T19:38:01+00:00
2026-07-28T19:38:01+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
সবচেয়ে সৎ কোন দেশের মানুষ, গবেষণায় যা মিলল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:৩৮ পিএম 
প্রতীকী ছবি
একটি হারানো ওয়ালেট মানুষের নৈতিকতার পরীক্ষা নিতে পারে। সুযোগ থাকা সত্ত্বেও কেউ সেটি ফিরিয়ে দেন, আবার কেউ নিজের কাছে রেখে দেন। মানুষের সততা বোঝার জন্য এমনই এক বাস্তবভিত্তিক গবেষণায় উঠে এসেছে, বিশ্বের বিভিন্ন দেশের মানুষের নৈতিক আচরণের পার্থক্যের চিত্র।

গবেষণাটি পরিচালিত হয় বিশ্বের ৪০টি দেশের ৩৫৫টি শহরে। গবেষকেরা ১৭ হাজারের বেশি ওয়ালেট বিভিন্ন ব্যাংক, হোটেল, ডাকঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের কাছে জমা দেন। প্রতিটি ওয়ালেটে ছিল পরিচয়পত্র, চাবি, ভিজিটিং কার্ড ও নির্দিষ্ট পরিমাণ অর্থ। 

এরপর দেখা হয়, কতজন ব্যক্তি ওয়ালেটের মালিকের সঙ্গে যোগাযোগ করে সেটি ফেরত দেওয়ার চেষ্টা করেন।

ফলাফলে দেখা যায়, সুইজারল্যান্ড, নরওয়ে ও নেদারল্যান্ডসের মানুষ সবচেয়ে বেশি ওয়ালেট ফিরিয়ে দিয়েছেন। এরপর ছিল ডেনমার্ক, সুইডেন, পোল্যান্ড, নিউজিল্যান্ড, জার্মানি ও ফ্রান্স। 

অন্যদিকে পেরু, মরক্কো, চীন, তুরস্ক, কাজাখস্তান, কেনিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও ঘানায় ফেরতের হার তুলনামূলক কম ছিল। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছিল মাঝামাঝি অবস্থানে।


তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, এই ফল দিয়ে কোনো দেশের মানুষের সামগ্রিক চরিত্র বিচার করা যায় না। কারণ সততার সিদ্ধান্তে ব্যক্তিগত নৈতিকতা ছাড়াও সামাজিক মূল্যবোধ, আইন, সংস্কৃতি ও ধরা পড়ার আশঙ্কা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষণায় আরও দেখা গেছে, বেশি টাকা থাকা ওয়ালেট মানুষ বেশি ফেরত দিয়েছেন। প্রায় ১৩ ডলার থাকা ওয়ালেটের ৫১ শতাংশ ফেরত এলেও ৯৪ ডলার থাকা ওয়ালেট ফেরতের হার ছিল ৭২ শতাংশ। 

গবেষকদের মতে, বেশি অর্থ থাকলে মালিকের ক্ষতির বিষয়টি মানুষ বেশি উপলব্ধি করতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, মানুষ সাধারণত নিজেকে সৎ ব্যক্তি হিসেবে দেখতে চান। তাই অনেক ক্ষেত্রে অর্থের লোভের চেয়ে নিজের নৈতিক পরিচয় ধরে রাখার ইচ্ছাই বড় হয়ে ওঠে। 

গবেষণাটি দেখায়, মানুষকে পুরোপুরি সৎ বা অসৎ হিসেবে ভাগ করা কঠিন, কারণ পরিস্থিতিই অনেক সময় আচরণ নির্ধারণ করে।



সময়ের আলো/এমকে
  বিষয়:   সৎ  গবেষণা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: