চট্টগ্রামের হাটহাজারীতে এস এম শহিদুল্লাহ রনি নামের এক সাংবাদিকের চলন্ত প্রাইভেটকার লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে। এ ঘটনায় গাড়ির মারাত্মক ক্ষতি হলেও ভাগ্যক্রমে অক্ষত রয়েছেন ওই সাংবাদিক।
গত মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের চারাবটতল এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এস এম শহিদুল্লাহ রনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল ওয়াহেদীখীল এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরে আবাসন ব্যবসা ও রাউজানে ইটভাটা পরিচালনার পাশাপাশি একটি পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ঘটনার বিবরণ দিয়ে এস এম শহিদুল্লাহ রনি জানান, রাতে নিজ প্রাইভেটকারে একা বাড়ি ফেরার পথে চারাবটতল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি হঠাৎ তার গাড়ির গতি রোধ করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। তাৎক্ষণিকভাবে তিনি গাড়ি থামিয়ে (ব্রেক করে) হেডলাইট বন্ধ করে দেন। এ সময় দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে তিনটি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তার ধারণা, ব্যবসায়িক ও ব্যক্তিগত বিরোধের জেরে এই হামলা চালানো হতে পারে।
খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী ব্যক্তি একজন ব্যবসায়ী এবং রাউজানের বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর সঙ্গে তার পূর্ববিরোধ রয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সেই বিরোধ থেকেই এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুরো বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। এ ঘটনায় কেউ হতাহত হননি এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
সময়ের আলো/জোই