গাজীপুরে শব্দদূষণ কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে জেলার সরকারি আধাসরকারী ও বেসরকারি গাড়িগুলো অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করেই চলাচল করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের জন্য শান্ত পরিবেশ নিশ্চিত করতে গাজীপুর জেলা প্রশাসনের নতুন এই উদ্যোগ। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী, গাড়ির চালকদের অপ্রয়োজনীয়ভাবে হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। জরুরি পরিস্থিতি ছাড়া হর্ন ব্যবহার না করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
প্রশাসনের মতে, অযথা হর্নের কারণে প্রতিদিনই শহরের বিভিন্ন এলাকায় শব্দদূষণ বেড়ে যাচ্ছে। এতে শিক্ষার্থী, রোগী, বয়স্ক মানুষসহ সাধারণ নাগরিকরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সরকারি যানবাহন থেকেই সচেতনতার উদাহরণ তৈরি করতে চায় জেলা প্রশাসন।
সকালে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সরকারি আধাসরকারি কর্মকর্তাদের নিয়ে শব্দদূষণ কমাতে সচেতনতা করেন। এসময় বিভিন্ন বাস, লেগুনা, সিএনজি ও অটোরিকশা চালকদের সচেতনতা হিসেবে আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুর নগরকে হর্নমুক্ত করার জন্য সর্তক বার্তা দেওয়া হয়।
এর আগে সকালে জেলার সরকারি দপ্তরের সকল কর্মকর্তাদের নিয়ে একটি মতবিনিময় সভা করেন ডিসি। সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়ে বলা হয়েছে প্রথমে গাজীপুরের সরকারি গাড়িগুলো হর্নমুক্ত চলবে। পরে, পর্যায়ক্রমে জেলার প্রতিটি গাড়ি চলবে বিনা হর্নে।
সময়ের আলো/আতা