গ্যাসের সরবরাহে অনিশ্চয়তা, রান্নাঘরে নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন এবং বিদ্যুৎ সাশ্রয়ের চিন্তা— এসব কারণে অনেক পরিবার এখন বৈদ্যুতিক কুকটপ ব্যবহারের দিকে ঝুঁকছে। বর্তমানে বাজারে সবচেয়ে জনপ্রিয় দুটি বিকল্প হলো ইন্ডাকশন এবং ইনফ্রারেড কুকটপ। দেখতে প্রায় একই রকম হলেও কাজের পদ্ধতি, বিদ্যুৎ ব্যবহার, রান্নার গতি এবং ব্যবহারিক সুবিধার দিক থেকে এ দুটি প্রযুক্তির মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য। তাই কেনার আগে কোনটি আপনার চাহিদার সঙ্গে বেশি মানানসই, তা জেনে নেওয়া জরুরি।
ইন্ডাকশন কুকটপ কীভাবে কাজ করে?
ইন্ডাকশন কুকটপে ইলেক্ট্রোম্যাগনেটিক বা চুম্বকীয় প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে তাপ সরাসরি কুকটপে তৈরি না হয়ে হাঁড়ি বা কড়াইয়ের ধাতব তলদেশে উৎপন্ন হয়। ফলে রান্নার পাত্র দ্রুত গরম হয়, কিন্তু কুকটপের কাচের অংশ তুলনামূলকভাবে কম গরম থাকে। এর ফলে রান্না দ্রুত শেষ হয় এবং বিদ্যুতের অপচয়ও কম হয়।
ইন্ডাকশন কুকটপের সুবিধা ও সীমাবদ্ধতা
দ্রুত রান্না করার ক্ষেত্রে ইন্ডাকশন কুকটপ বেশ কার্যকর। অল্প সময়ে পানি ফুটানো, ভাজাভুজি কিংবা অন্যান্য রান্না সহজেই করা যায়। যেহেতু তাপ সরাসরি পাত্রে তৈরি হয়, তাই শক্তির অপচয় কম হয় এবং বিদ্যুৎ ব্যবহারের দক্ষতা বেশি থাকে। পাশাপাশি কুকটপের পৃষ্ঠ অতিরিক্ত গরম না হওয়ায় দুর্ঘটনাজনিত পোড়ার ঝুঁকিও তুলনামূলক কম।
তবে এই প্রযুক্তির একটি সীমাবদ্ধতা হলো, এতে সব ধরনের হাঁড়ি-পাতিল ব্যবহার করা যায় না। কেবল ম্যাগনেটিক বা চুম্বকযুক্ত তলবিশিষ্ট পাত্র ব্যবহার করতে হয়। সাধারণ অ্যালুমিনিয়াম, কাচ বা মাটির পাত্র ব্যবহার করতে চাইলে সেগুলোতে বিশেষ ম্যাগনেটিক বেস থাকতে হবে। এছাড়া বিদ্যুৎ চলে গেলে রান্নাও সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়।
ইনফ্রারেড কুকটপ কীভাবে কাজ করে?
ইনফ্রারেড কুকটপে বিশেষ হিটিং এলিমেন্টের মাধ্যমে তাপ উৎপন্ন হয়। চালু করার পর এলিমেন্টটি উত্তপ্ত হয়ে লালচে আভা ধারণ করে এবং সেই তাপ কাচের মাধ্যমে রান্নার পাত্রে পৌঁছে দেয়। এতে আগুন ব্যবহার না হলেও রান্নার অভিজ্ঞতা অনেকটা গ্যাসের চুলার মতো অনুভূত হয়।
ইনফ্রারেড কুকটপের সুবিধা ও অসুবিধা
ইনফ্রারেড কুকটপের বড় সুবিধা হলো এতে প্রায় সব ধরনের হাঁড়ি-পাতিল ব্যবহার করা যায়। অ্যালুমিনিয়াম, স্টেইনলেস স্টিল, কাচ কিংবা মাটির পাত্র— সবই এতে ব্যবহার উপযোগী। তাই নতুন করে বাসনপত্র কেনার প্রয়োজন পড়ে না। এছাড়া বিদ্যুতের ভোল্টেজে সামান্য ওঠানামা হলেও এটি সাধারণত স্বাভাবিকভাবে কাজ করতে পারে।
অন্যদিকে, ইন্ডাকশনের তুলনায় ইনফ্রারেড কুকটপে বিদ্যুৎ খরচ কিছুটা বেশি হয়। রান্নার সময় তাপ চারদিকে ছড়িয়ে পড়ায় রান্নাঘরও দ্রুত গরম হয়ে যায়। পাশাপাশি রান্না শেষ হওয়ার পরও কুকটপের কাচ দীর্ঘ সময় গরম থাকে, ফলে অসাবধান হলে হাত পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
কোনটি বেশি বিদ্যুৎ সাশ্রয়ী?
বিদ্যুৎ ব্যবহারের দক্ষতার দিক থেকে ইন্ডাকশন কুকটপ এগিয়ে। এতে ব্যবহৃত বিদ্যুতের প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ সরাসরি রান্নার কাজে ব্যবহার করা হয়। বিপরীতে ইনফ্রারেড কুকটপের কার্যকারিতা সাধারণত ৬৫ থেকে ৭০ শতাংশের মধ্যে থাকে। ফলে দীর্ঘমেয়াদে ইন্ডাকশন ব্যবহার করলে বিদ্যুৎ বিল তুলনামূলক কম আসে।
রান্নার গতি ও তাপমাত্রা নিয়ন্ত্রণ
ইন্ডাকশন কুকটপে তাপমাত্রা খুব দ্রুত নিয়ন্ত্রণ করা যায়। চালু করার সঙ্গে সঙ্গেই তাপ উৎপন্ন হয় এবং বন্ধ করলেই তা বন্ধ হয়ে যায়। ফলে রান্নার সময়ও কম লাগে। অন্যদিকে ইনফ্রারেড কুকটপে তাপ বাড়তে ও কমতে কিছুটা সময় লাগে, তাই কম আঁচে রান্না করতে তুলনামূলক বেশি সময় লাগতে পারে।
নিরাপত্তার দিক থেকে কোনটি এগিয়ে?
নিরাপত্তার বিবেচনায় ইন্ডাকশন কুকটপকে বেশি নিরাপদ ধরা হয়। কারণ পাত্র না থাকলে এটি সাধারণত চালু হয় না এবং কুকটপের পৃষ্ঠও অতিরিক্ত গরম হয় না। তাই শিশু বা বয়স্ক সদস্য থাকা পরিবারের জন্য এটি ভালো বিকল্প হতে পারে।
অন্যদিকে ইনফ্রারেড কুকটপে রান্নার সময় কাচের অংশ অনেক বেশি গরম হয়ে যায়। তাই ব্যবহার শেষে কিছু সময় পর্যন্ত সতর্ক থাকা জরুরি।
কোন কুকটপ বেছে নেবেন?
আপনার প্রয়োজন ও ব্যবহারের ধরন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো। যদি দ্রুত রান্না, কম বিদ্যুৎ খরচ এবং বাড়তি নিরাপত্তাকে অগ্রাধিকার দেন, তাহলে ইন্ডাকশন কুকটপ হতে পারে উপযুক্ত পছন্দ।
অন্যদিকে, যদি বাড়ির বর্তমান হাঁড়ি-পাতিলই ব্যবহার করতে চান এবং গ্যাসের চুলার মতো রান্নার অভিজ্ঞতা পছন্দ করেন, তাহলে ইনফ্রারেড কুকটপ হতে পারে বেশি সুবিধাজনক। কেনার আগে নিজের বাজেট, রান্নার অভ্যাস এবং পরিবারের চাহিদা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে যুক্তিযুক্ত।
সময়ের আলো/ইউএমএইচ