প্রকাশের এক দশক পর দর্শক-শ্রোতার হৃদয় জয় করে আছে ধ্রুব গুহর ‘যে পাখি ঘর বোঝে না’। ইউটিউবে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে জনপ্রিয় এই গানটি।
২০১৫ সালের ১৮ জুলাই ইউটিউবে প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের ব্যাপক সাড়া পায়। সময়ের ব্যবধানে এর জনপ্রিয়তা কমেনি, বরং নতুন প্রজন্মের কাছেও সমানভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। দীর্ঘদিন ধরে দর্শক-শ্রোতাদের ভালোবাসা অর্জনের পর অবশেষে গানটি জায়গা করে নিয়েছে ইউটিউবের ১০০ মিলিয়ন ভিউয়ের ক্লাবে।
গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। আবেগময় কথামালা, সুরের মাধুর্য এবং ধ্রুব গুহর স্বতন্ত্র কণ্ঠের সমন্বয় গানটিকে সময়ের গণ্ডি পেরিয়ে দীর্ঘদিন জনপ্রিয়তার শীর্ষে ধরে রেখেছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।
এতে অভিনয় করেছেন তারেক ও তারিন। পাশাপাশি ভিডিওতে ধ্রুব গুহর উপস্থিতিও দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। গল্পনির্ভর নির্মাণশৈলী এবং নান্দনিক চিত্রায়ণের কারণে প্রকাশের পর থেকেই ভিডিওটি প্রশংসিত হয়ে আসছে।
এই অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ধ্রুব গুহ বলেন, ‘এটি আমার সংগীতজীবনের অন্যতম অর্জন। একটি গান যখন বছরের পর বছর ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকে, তার চেয়ে বড় প্রাপ্তি একজন শিল্পীর জন্য আর কিছু হতে পারে না। এই ভালোবাসার জন্য আমি দেশের এবং বিশ্বের সব বাংলা ভাষাভাষী শ্রোতা-দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই অর্জন শুধু আমার নয়, গানটির সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের।’
বাংলা গানের ডিজিটাল অঙ্গনে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করা গানের সংখ্যা এখনও খুব বেশি নয়। সেই তালিকায় ‘যে পাখি ঘর বোঝে না’র অন্তর্ভুক্তি ধ্রুব গুহর সংগীতজীবনের আরেকটি উল্লেখযোগ্য অর্জন।