দীর্ঘ ১৭ দিনের প্রশাসনিক টানাপোড়েন শেষে অবশেষে নতুন কোচ পেল ইতালি জাতীয় ফুটবল দল। ২০২১ সালে ইউরো জেতানো রবার্তো মানচিনিকে দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। একই সঙ্গে জাতীয় দলের নতুন টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ক্লদিও রানিয়েরি।
মঙ্গলবার ফেডারেল কাউন্সিলের বৈঠকের পর এফআইজিসি সভাপতি জিওভান্নি মালাগো আনুষ্ঠানিকভাবে মানচিনি ও রানিয়েরির নিয়োগের ঘোষণা দেন। বিশ্বকাপ বাছাইপর্বে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হারের পর গত এপ্রিলে দায়িত্ব ছাড়েন জেন্নারো গাত্তুসো। এরপর নতুন কোচ নিয়োগকে ঘিরে টানা ১৭ দিন ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটল এই ঘোষণার মধ্য দিয়ে। এর আগে ইতালিয়ান ফুটবলের দীর্ঘমেয়াদি পুনর্গঠনের লক্ষ্যে পাওলো মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর এবং তার উপদেষ্টা হিসেবে লিওনার্দোকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের পরিকল্পনায় প্রথমে পেপ গার্দিওলা, পরে কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের কোচ করার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত আন্দ্রেয়া পিরলোকে বেছে নেওয়া হলেও একটি রুশ বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে তার বাণিজ্যিক সম্পৃক্ততার কারণে সেই নিয়োগ আটকে যায়। এর পরই পদত্যাগ করেন মালদিনি ও লিওনার্দো।
এমন পরিস্থিতিতে আবারও মানচিনির ওপর আস্থা রাখে এফআইজিসি। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে তিনি ইতালিকে ২০২১ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতিয়েছিলেন। তার অধীনেই আজ্জুরিরা টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে আন্তর্জাতিক ফুটবলে নতুন রেকর্ড গড়ে। পরে সৌদি আরব জাতীয় দলের দায়িত্ব নেন তিনি এবং পরবর্তীতে কাতারের আল সাদের কোচ হিসেবেও কাজ করেন। ক্লাব পর্যায়ে ইন্টার মিলান, ফিওরেন্টিনা ও ম্যানচেস্টার সিটির দায়িত্বও পালন করেছেন এই ৬১ বছর বয়সি কোচ।
অন্যদিকে ৭৪ বছর বয়সি ক্লদিও রানিয়েরি জাতীয় দলের সব স্তরের টেকনিক্যাল কার্যক্রম ও প্রতিভা বিকাশের দায়িত্বে থাকবেন। ২০১৬ সালে লেস্টার সিটিকে রূপকথার মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তিনি। সবশেষ রোমার দায়িত্ব ছাড়ার পর এবার ইতালিয়ান ফুটবলের নতুন প্রকল্পে যুক্ত হলেন অভিজ্ঞ এই কোচ।
নিয়োগের ঘোষণা দিয়ে মালাগো বলেন, ‘আমি বিশ্বাস করি জাতীয় দলের জন্য রবার্তো মানচিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। একই সঙ্গে এমন একজন টেকনিক্যাল ডিরেক্টর প্রয়োজন ছিল, যার সঙ্গে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একসঙ্গে কাজ করা যাবে।’ স্থানীয় সময় বুধবার মানচিনি ও রানিয়েরিকে নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে ইতালিয়ান ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।