বিশ্বকাপ বর্জনের হুঁশিয়ারি উয়েফার

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগ আনার ফিফার পরিকল্পনা ইউরোপীয় ফুটবলে বড় ধরনের প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়নের পথে এগোলে বিশ্বকাপ

2026-07-30T04:24:35+00:00
2026-07-30T04:24:35+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপ বর্জনের হুঁশিয়ারি উয়েফার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৪:২৪ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগ আনার ফিফার পরিকল্পনা ইউরোপীয় ফুটবলে বড় ধরনের প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়নের পথে এগোলে বিশ্বকাপ বর্জনের মতো কঠোর সিদ্ধান্ত নিয়েও আলোচনা করতে প্রস্তুত উয়েফাভুক্ত দেশগুলো। ফুটবল পরিচালনার ধরন নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে ফিফা ও উয়েফা। বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন প্রতিষ্ঠান গঠন এবং সেখানে বাইরের বিনিয়োগ আনার পরিকল্পনা প্রকাশের পর থেকেই ইউরোপীয় ফুটবল মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

ফিফা জানিয়েছে, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি পৃথক প্রতিষ্ঠান গঠন করা হবে। এই প্রতিষ্ঠানের অধীনে সম্প্রচারস্বত্ব, স্পনসরশিপ, টিকেট বিক্রি, লাইসেন্সিংসহ বিশ্বকাপের বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে। পরিকল্পনা অনুযায়ী নিয়ন্ত্রণহীন শেয়ার বিক্রির মাধ্যমে সর্বোচ্চ ৪২০ কোটি ডলার সংগ্রহ করতে চায় সংস্থাটি। ফিফার দাবি, সদস্য দেশগুলোর অনুমোদন মিললে আগামী চার বছরে ফুটবল উন্নয়নে ১ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ করা সম্ভব হবে। তবে এই পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে উয়েফা। সংস্থাটির ভাষায়, ফিফা এমন একটি সীমা অতিক্রম করেছে, যা কোনো ফুটবল নিয়ন্ত্রক সংস্থার করা উচিত নয়। উয়েফার মতে, ফুটবলের শাসনব্যবস্থা কিংবা এর ঐতিহ্য কোনোভাবেই বাণিজ্যিক সম্পদে পরিণত করা যায় না।

এ পরিস্থিতিতে চলতি সপ্তাহেই উয়েফার ৫৫ সদস্য দেশকে নিয়ে জরুরি ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে। সেখানে ফিফার পরিকল্পনার বিরুদ্ধে যৌথ অবস্থান গ্রহণের পাশাপাশি প্রয়োজন হলে ভবিষ্যৎ বিশ্বকাপ বর্জনের মতো পদক্ষেপ নিয়েও আলোচনা হতে পারে। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ সৃষ্টি করতেই এমন অবস্থান বিবেচনা করছে উয়েফা। এটি অবশ্য ফিফা-উয়েফা দ্বন্দ্বের প্রথম ঘটনা নয়। ২০২১ সালে প্রতি দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল ফিফা। সে সময়ও উয়েফার তীব্র বিরোধিতা ও বিশ্বকাপ বর্জনের হুঁশিয়ারির মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নতুন বিতর্ককে আরও উসকে দিয়েছে পরিকল্পনাটি ঘোষণার ধরন। জানা গেছে, বিশ্বকাপ ফাইনালের আগের দিন নিউইয়র্কে সদস্য ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করলেও সেখানে এ বিষয়ে কোনো আলোচনা করেনি ফিফা। পরে হঠাৎ করেই আনুষ্ঠানিকভাবে পরিকল্পনার ঘোষণা দেওয়া হয়। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও জানিয়েছে, তারা আগে থেকে এ বিষয়ে কিছুই জানত না।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তার ভাষায়, ‘ফুটবল কোনো বিনিয়োগকারীর সম্পদ নয়। এটি তাদের, যারা প্রতি সপ্তাহে গ্যালারিতে বসে কিংবা মাঠের পাশে দাঁড়িয়ে নিজেদের দলকে সমর্থন করে।’

সাম্প্রতিক সময়ে ফিফা ও উয়েফার সম্পর্ক আরও তিক্ত হয়েছে। বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত এবং বিশ্বকাপ পরিচালনা নিয়ে দুই সংস্থার মধ্যে মতবিরোধ দীর্ঘদিনের। নতুন এই পরিকল্পনা সেই দ্বন্দ্বকে আরও গভীর করেছে বলে মনে করা হচ্ছে।

সময়ের আলো/আরবিএন/প্রিন্ট




  বিষয়:   বিশ্বকাপ  উয়েফা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: