অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রতিটি মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৯ জুলাই) পুলিশ সদর দফতর ভার্চুয়ালি অনুষ্ঠিত জুন-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সভায় অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, কোনোভাবেই যেন অপরাধের প্রবণতা বৃদ্ধি না পায়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর নিবিড় তদন্ত করে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার নির্দেশ দেন।
সভায় জুন-২০২৬ মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উল্লেখযোগ্য অপরাধের ঘটনা পর্যালোচনা করা হয়। পাশাপাশি ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ ও অপহরণসংক্রান্ত মামলার অগ্রগতি, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচার কার্যক্রমের ফলাফল এবং সাজার হার নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সময়ের আলো/এসএকে