রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় মৌলিক প্রশিক্ষণ গ্রহণকারী ৫৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) এক বছরের বাস্তব প্রশিক্ষণের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণের ধারাবাহিক অংশ হিসেবে এই কর্মকর্তাদের বর্তমান ইউনিট ‘পুলিশ সদর দপ্তর, ঢাকা (টিওআর পদে)’ থেকে সরিয়ে কাজের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে নিজ নিজ মনোনীত জেলার পুলিশ সুপারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। তারা আগামী এক বছর সংশ্লিষ্ট জেলায় থেকে সরাসরি মাঠপর্যায়ের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রম শেখে প্রশিক্ষণ সম্পন্ন করবেন।
জারি করা প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট ৫৬ জন শিক্ষানবিশ এএসপির নাম, বিপি নম্বর, স্থায়ী জেলা, বর্তমান সংযুক্তি এবং নতুন কর্মস্থলের তালিকা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, মাঠপর্যায়ে যুক্ত হলেও তাদের সকল প্রকার বেতন ও প্রশাসনিক ভাতাদি পূর্বের ইউনিট (পুলিশ সদর দপ্তর) থেকেই প্রদান করা হবে। এই বদলি ও সংযুক্তি আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
সময়ের আলো/জেডি