ইরানে ফের শক্তিশালী মার্কিন হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত উপসাগরীয় অঞ্চল। ইরাকে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার প্রতিশোধ নিতে শক্তিশালী

2026-07-31T01:07:35+00:00
2026-07-31T01:07:35+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে ফের শক্তিশালী মার্কিন হামলা শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১:০৭ এএম 
ছবি : সংগৃহীত
ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত উপসাগরীয় অঞ্চল। ইরাকে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার প্রতিশোধ নিতে শক্তিশালী হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। পাল্টা জবাবে কুয়েতে ইরানের হামলায় এক শ্রমিক নিহত হয়েছেন। দেশটির উত্তরে অবস্থিত একটি চীনা প্রতিষ্ঠানের ভবনে হামলা চালায় ইরান। সেখানেই একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় এক দম্পতি এবং তাদের দুই বছর বয়সি শিশু নিহত হয়েছে। কেশম দ্বীপ, বুশেহর প্রদেশ এবং খুজেস্তান প্রদেশের চারটি স্থানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান জানিয়েছে, জানজান প্রদেশে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের তিন সদস্য নিহত হয়েছেন। তবে এর মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালি নিয়ে ওমানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা এখনও চলছে। তেহরানে এই আলোচনা অব্যাহত রয়েছে।

ওদিকে ইরাকের সামরিক বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক আক্রমণগুলো তাদের দেশের ভেতর থেকে চালানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে ইরান সমর্থক গোষ্ঠীগুলোর ওপর হামলা চালানোর পরই এই বিবৃতি দেওয়া হয়েছে বলে খবর দিয়েছে আলজাজিরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর একটি অতর্কিত হামলার চেষ্টার প্রতিশোধ হিসেবে ইরানে শক্তিশালী পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, গত মঙ্গলবার জর্ডানে মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে জাহাজে ইরান যে হামলা চালিয়েছিল, এই পাল্টা হামলা তারই কড়া জবাব।

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের প্রথম যৌথ হামলার একদিন পরেই এই নতুন সংঘাত শুরু হলো। গত ফেব্রুয়ারিতে যখন আমেরিকা ও ইসরাইল ইরানে হামলা চালায়, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই যুদ্ধ মাত্র কয়েক সপ্তাহ চলবে; কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ট্রাম্প সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রিন্স জানান, সৌদি আরব এই উত্তেজনা প্রশমন করতে চায়। তবে এ ব্যাপারে হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

কূটনৈতিক সমাধানের আশায় যুক্তরাষ্ট্র ও ইরান উভয়পক্ষই গত কয়েক দিন হামলা বন্ধ রেখেছিল। এর মধ্যে ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনাকে ‘অত্যন্ত বন্ধুত্বপূর্ণ’ বলে বর্ণনা করলেও তেহরান কোনো ধরনের আলোচনার কথা অস্বীকার করেছে। বুধবার হামলা শুরু করার কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প বলেছিলেন, মার্কিন সেনাদের ওপর হামলার চেষ্টার জবাব তিনি কড়াভাবেই দেবেন। 

হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা তাদের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানতে যাচ্ছি, কারণ এখন আঘাত করার পালা আমাদের। তারা জানে যে হামলা হতে যাচ্ছে। তারা আমাদের অনুরোধ করেছিল যেন আমরা এটা না করি।

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানায়, মার্কিন বাহিনীর আগ্রাসনের জবাবে তারা জর্ডানে একটি মার্কিন বিমান ঘাঁটি ও কমান্ড সেন্টারে হামলা চালিয়েছিল। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথে ‘সতর্কবার্তা উপেক্ষা করে’ এবং ‘অনিরাপদ ও অবৈধ পথে’ চলাচলের কারণে নৌবাহিনী হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় বলেও জানায় আইআরজিসি।

গত শুক্রবার ট্রাম্প ১৩ দিনের টানা বোমা হামলা বন্ধ করেন। যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইরানের অস্ত্র ও সামরিক ঘাঁটি ধ্বংস করতে এই হামলা চালিয়েছিল। মঙ্গলবার সেন্টকম জানায়, গত তিন দিনে ইরান ৩০টিরও বেশি ড্রোন হামলা করেছে, যার জবাবে আমেরিকা ও সৌদি আরব মিলে ইরাকের কিছু অস্ত্র ও রসদকেন্দ্রে পাল্টা হামলা চালিয়েছে।

ইরাকের ইরান-ঘনিষ্ঠ বাহিনী পিএমএফ জানিয়েছে, তাদের অন্তত ২০ জন সদস্য এই হামলায় নিহত হয়েছেন। ইরাকের প্রেসিডেন্টের কার্যালয় পিএমএফ ঘাঁটিতে হামলার প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে, এই হামলা মেনে নেওয়া যায় না এবং এটি ইরাকের সার্বভৌমত্বের ওপর বড় আঘাত। অন্যদিকে ট্রাম্প ফক্স নিউজকে জানান, ইরাক সরকারের সঙ্গে আলোচনা করেই হামলা চালানো হয়েছে।


  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  হামলা  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: