সম্মান আদায়ই লক্ষ্য শান্তদের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সুযোগটা কাজে লাগাতে কতটা প্রস্তুত বাংলাদেশ? এমন প্রশ্নের উত্তর

2026-07-31T03:44:24+00:00
2026-07-31T03:44:24+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
খেলা
সম্মান আদায়ই লক্ষ্য শান্তদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:৪৪ এএম 
সংবাদ সম্মেলনে কথা বলছেন অধিনায়ক নাজমুল হোসন শান্ত। ছবি : সংগৃহীত
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সুযোগটা কাজে লাগাতে কতটা প্রস্তুত বাংলাদেশ? এমন প্রশ্নের উত্তর খুঁজতে হলে হতাশ হওয়া ছাড়া কোনো উপায় নেই টাইগারদের সামনে। ইনজুরি আক্রান্ত স্কোয়াডের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ক্রিকেটার। এমন একটা সিরিজ রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনা কতটুকু তা নিয়ে প্রশ্ন থেকে যায়। ওয়ার্কলোর্ড ম্যানেজমেন্ট নিয়ে বিসিবির কোনো চিন্তার ছিল কি না এটা নিয়েও প্রশ্ন তোলা যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটা বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা হবে সেটা বলার অপেক্ষা রাখে না।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে আজ রাতে দেশ ছাড়বে শান্তরা। গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক নাজমুল হোসন শান্ত। শুরুর আগে সবাইকে থামিয়ে শান্ত সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন- এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কী প্রত্যাশা করছেন? আমাদের দল কেমন করবে? এখানে অনেক সিনিয়র সাংবাদিক আছেন যারা অনেক বছর ধরে লেখালেখি করছেন, আপনাদের কাছ থেকে দুয়েকজন একটু বলবেন প্লিজ। 

বেশিরভাগেরই উত্তর ছিল, ভালো খেলা। একটা ড্র হলে আমরা মনে হয় কিছুটা খুশি হতে পারি। এরপরই শান্ত বলেন, এই উত্তর আমি দিলে পছন্দ হতো? শান্তর এই চিন্তাটাও যৌক্তিক। 

এরপরই অজিদের বিপক্ষে দলে ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানান অধিনায়ক। শান্ত বলেন, ইনজুরির বিষয়টা আসলে আমাদের কারও নিয়ন্ত্রণে নেই। যেকোনো সময় যেকোনো খেলোয়াড় ইনজুর্ড হতে পারেন। তবে আমার মনে হয় যে দলটা অস্ট্রেলিয়াতে যাচ্ছে, এই দলের ওপর পুরোপুরি বিশ্বাস আছে- আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। কোন খেলোয়াড় থাকলে ভালো হতো বা আরও বেটার হতো, এগুলো নিয়ে চিন্তা করাটা এখন যৌক্তিক হবে না। আমার মনে হয় কত ভালো ক্রিকেট খেলতে পারি এই দলটা নিয়ে এবং দলের ওপর কতটুকু বিশ্বাস রাখতে পারি সেটাই গুরুত্বপূর্ণ।

তবে অধিনায়ক শান্ত শুধু ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরের অংশ হয়েই সন্তুষ্ট থাকতে চান না। তার লক্ষ্য, অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে এমন ক্রিকেট উপহার দেওয়া, যা প্রতিপক্ষের সম্মান আদায় করে নেবে। অধিনায়ক বলেন, গত ২৩ বছরে আমাদের আরও বেশি ম্যাচ খেলা উচিত ছিল। আমরা যদি আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম, তা হলে হয়তো আরও বেশি সুযোগ হতো। আমাদের মূল লক্ষ্য থাকবে ওখানে ভালো ক্রিকেট খেলা এবং সম্মান অর্জন করা। যদি আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে পারি, অবশ্যই তারা ভবিষ্যতে আবার আমন্ত্রণ জানাবে। প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলি, তবে ওদের কতটুকু টাফ টাইম দিতে পারি সেটাই গুরুত্বপূর্ণ।

চোটের কারণে বাংলাদেশের পেস আক্রমণে কিছুটা অনিশ্চয়তা থাকলেও অধিনায়ক শান্ত আত্মবিশ্বাসী। তার বিশ্বাস, অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেসাররাই দলের মূল শক্তি হয়ে উঠবেন। তিনি বলেন, হাসান, মুশফিকদের নিয়ে গড়া পেস ইউনিটের কাছ থেকে ২০ উইকেট তুলে নেওয়ার প্রত্যাশাই থাকবে। পাশাপাশি দলে থাকা দুই অভিজ্ঞ স্পিনারও পেসারদের কার্যকর সমর্থন দেবেন। শান্তর মতে, স্কোয়াডে থাকা প্রত্যেক পেসারেরই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে। তারা যদি নিজেদের সেরাটা মেলে ধরতে পারেন, তা হলে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ২০ উইকেট শিকার করা সম্ভব।

টেস্ট ক্রিকেটে নিজেদের আক্রমণাত্মক মানসিকতা ধরে রাখার কথা জানান বাংলাদেশ অধিনায়ক শান্ত। তার মতে, আমরা গত কয়েক বছরে টেস্ট যেভাবে খেলছি চেষ্টা করব সেভাবেই খেলার। ভিন্ন কন্ডিশন, যত দ্রুত মানিয়ে নিতে পারি। এই টেস্ট দল ভালো জায়গায় আছে। এখান থেকে যেন আমরা নিচের দিকে না যাই। এর চেয়ে কত ভালো দিকে যেতে পারি এটাই মূল লক্ষ্য থাকবে।

অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পর্কে শান্ত বলেন, দূর থেকে সেটি নিয়ে স্পষ্ট ধারণা করা কঠিন। সেখানে পৌঁছানোর পর যত দ্রুত সম্ভব পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে দল। তার বিশ্বাস, ব্যাটিং বিভাগে অভিজ্ঞতার পাশাপাশি বোলিং ইউনিটও ভালো ছন্দে রয়েছে। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে সক্ষম হবে।

শান্ত বলেন, কন্ডিশন আসলে এত দূর থেকে আইডিয়া করা কঠিন। শেষ কবে গিয়েছি আমার মনে নেই, ২৩ বছর আগে। কন্ডিশন সেখানে যাওয়ার পরেই মানিয়ে নেওয়ার চেষ্টা করব। টেস্ট দল ব্যাটিংয়ের দিক থেকে অভিজ্ঞ। বোলিংটাও ভালো হচ্ছে। যদি কন্ডিশনেও মানিয়ে নিতে পারি তা হলে আমরা ভালো করতে পারব।

তিনি আরও বলেন, আমি যখনই এই দল নিয়ে ম্যাচ খেলি চেষ্টা করি কতটা ভালো ক্রিকেট খেলতে পারি। ফল নিয়ে না ভেবে প্রসেসটা কী, কোথায় ঘাটতি আছে, সেখানেই আমাদের মেইন ফোকাস থাকে। হোমে খেলি বা বাইরে খেলি। এই সিরিজেও নতুন কিছু থাকবে না। টার্গেট থাকবে কত ভালো ক্রিকেট খেলতে পারি।

সময়ের আলো/আআ


  বিষয়:   সম্মান  লক্ষ্য  শান্ত  ক্রিকেট  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: