শুটিং সেটে নিয়মিত অতিথি, এবার ক্যামেরার সামনেই আমিনা লাবিব

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

একসময় শুটিং সেটে তার পরিচয় ছিল নির্মাতার সহযাত্রী হিসেবে। আলো, ক্যামেরা আর অ্যাকশনের ব্যস্ততা কাছ থেকে দেখেছেন অসংখ্যবার। কিন্তু সেই

2026-07-31T13:05:09+00:00
2026-07-31T13:05:09+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
আনন্দ সময়
শুটিং সেটে নিয়মিত অতিথি, এবার ক্যামেরার সামনেই আমিনা লাবিব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১:০৫ পিএম 
অভিনেতা ও নির্মাতা শামীম জামান ও তার স্ত্রী অভিনেত্রী আমিনা লাবিব। ছবি : সংগৃহীত
একসময় শুটিং সেটে তার পরিচয় ছিল নির্মাতার সহযাত্রী হিসেবে। আলো, ক্যামেরা আর অ্যাকশনের ব্যস্ততা কাছ থেকে দেখেছেন অসংখ্যবার। কিন্তু সেই পরিচিত সেটেই এবার বদলে গেছে ভূমিকা। দর্শকের জায়গা ছেড়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন আমিনা লাবিব। অভিনেত্রী হিসেবে তার নতুন যাত্রা শুরু হলো স্বামী, অভিনেতা ও নির্মাতা শামীম জামান পরিচালিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’ দিয়ে।

অভিনয়ে আসার সিদ্ধান্তটি সহজে নেননি আমিনা। তার ভাষ্য, এই সাহস জুগিয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী জুই করিম। তাদের উৎসাহই তাকে প্রথমবার অভিনয়ের চ্যালেঞ্জ নিতে অনুপ্রাণিত করেছে।

আমিনা বলেন, ‘মূলত মোশাররফ করিম ভাই ও জুই ভাবির অনুপ্রেরণায় এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। তাদের মতো অভিজ্ঞ শিল্পীর সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় পাওয়া। নতুন হিসেবে তারা যেভাবে সহযোগিতা করেছেন, তাতে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পেরেছি।’

দীর্ঘদিন শুটিং সেটে যাতায়াতের কারণে অভিনয়কে সহজ বলেই মনে হতো তার। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানোর পর সেই ধারণা বদলে গেছে। তিনি বলেন, ‘আগে শুটিং দেখতে এসে মনে হতো অভিনয় খুব সহজ। কিন্তু নিজে কাজ করতে গিয়ে বুঝলাম, এটি অনেক পরিশ্রমের। ভোরে শুটিং শুরু হয়, অনেক সময় গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়। একটি দৃশ্য নিখুঁতভাবে ধারণ করতে বারবার টেক দিতে হয়। তবে কষ্টের মধ্যেও কাজটি দারুণ উপভোগ করেছি।’

প্রথম দিনের অভিজ্ঞতা নিয়েও রয়েছে মিশ্র অনুভূতি। নতুন পরিবেশে কিছুটা নার্ভাস লাগলেও পরিচালক, সহশিল্পী এবং পুরো ইউনিটের সহযোগিতায় দ্রুতই সেই অস্বস্তি কাটিয়ে ওঠেন তিনি। তার মতে, আন্তরিক পরিবেশই প্রথম কাজটিকে সহজ করে দিয়েছে।

পারিবারিক গল্পনির্ভর ধারাবাহিক ‘এক পাতিলের সংসার’-এর মাধ্যমে অভিনয়জগতে আনুষ্ঠানিক অভিষেক হলো আমিনা লাবিবের। প্রথম কাজ নিয়েই তিনি আশাবাদী। দর্শক নাটকটির গল্পের পাশাপাশি তার অভিনয়ও সাদরে গ্রহণ করবেন—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন এই নবাগত অভিনেত্রী।


সময়ের আলো/কেএইচ




  বিষয়:   সময়ের আলো  অভিনেত্রী  অভিনয় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: