ইতালি ও এসি মিলানের কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্ক বারেসি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। বারেসির মৃত্যুর কারণ জানানো হয়নি। ২০২৫ সালের আগস্টে বারেসির ফুসফুসের একটি নডিউল অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। পরে তিনি ইমিউনোথেরাপি গ্রহণ শুরু করেন।
বারেসি পুরো খেলোয়াড়ি জীবন এসি মিলানের লাল-কালো জার্সিতেই কাটিয়েছেন। ২০ বছরের এসি মিলান ক্যারিয়ারে টানা ১৫ বছরই ছিলেন ক্লাবটির অধিনায়ক। দলটির হয়ে ৭০০টিরও বেশি ম্যাচ খেলেছেন এবং ১৯৮০-এর দশকের শেষভাগ ও ১৯৯০-এর দশকের শুরুতে দলকে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তিতে পরিণত করতে নেতৃত্ব দেন।
১৯৯৭ সালে অবসর নেওয়ার পর এসি মিলান তার সম্মানে ৬ নম্বর জার্সিটি স্থায়ীভাবে অবসরে পাঠায়। তার সম্মানে একটি বিশেষ বিদায়ী ম্যাচও আয়োজন করা হয়, যেখানে তার সাবেক সতীর্থ ও প্রতিপক্ষরা অংশ নেন। ২০২০ সালে ফ্রাঙ্কো বারেসিকে এসি মিলানের সম্মানসূচক সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ইতালির হয়ে বারেসি ১৯৮২ সালের বিশ্বকাপ জয়ের পর ১৯৯৪ সালের বিশ্বকাপেও ইতালিকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে তিনি পেনাল্টি মিস করেছিলেন।
শুক্রবার এক বিবৃতিতে রোসোনারিরা জানায়, এসি মিলানের পুরো ইতিহাস আজ শোকে মুহ্যমান। তার আদর্শ ও সততা চিরকাল ক্লাবের ডিএনএর অংশ হয়ে থাকবে, ঠিক যেমন তার কিংবদন্তি ৬ নম্বর জার্সি। এই কঠিন সময়ে ফ্রাঙ্কো বারেসির পরিবারের প্রতি এসি মিলানের সমবেদনা জানাই। প্রতিটি রোসোনেরি সমর্থক এই ক্ষতিকে নিজেদের ক্ষতি বলে অনুভব করছে।
সময়ের আলো/আআ