বাড়ি ফিরে যাওয়া আমাদের অধিকার : মার্কিন দূতকে রোহিঙ্গারা

উখিয়া প্রতিনিধি

সারাদেশ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে গোরকে

2026-07-31T22:00:25+00:00
2026-07-31T22:00:35+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সারাদেশ
বাড়ি ফিরে যাওয়া আমাদের অধিকার : মার্কিন দূতকে রোহিঙ্গারা
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:০০ পিএম 
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সার্জিও গোরকে উদ্দেশ করে প্ল্যাকার্ড হাতে বিভিন্ন বার্তা তুলে ধরেন রোহিঙ্গারা। ছবি : সময়ের আলো
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে গোরকে উদ্দেশ করে প্ল্যাকার্ড হাতে বিভিন্ন বার্তা তুলে ধরেন রোহিঙ্গারা। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল আরাকান ইজ আওয়ার হোম, রিটার্নিং ইজ আওয়ার রাইটস (আরাকানে আমাদের বাড়ি, ফিরে যাওয়া আমাদের অধিকার)।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে প্রতিনিধিদলের গাড়িবহর উখিয়ার ক্যাম্পে প্রবেশের সময় রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন রোহিঙ্গারা।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর) ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

বিক্ষোভে প্রদর্শিত বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল ইউ হ্যাভ ইউর হোম, উই মিস আওয়ার হোম (আপনার নিজের বাড়ি আছে, আমরা আমাদের বাড়ির অভাববোধ করি); নাথিং ফর রোহিঙ্গা উইদাউট রোহিঙ্গা (রোহিঙ্গাদের বিষয়ে রোহিঙ্গাদের ছাড়া কোনো সিদ্ধান্ত নয়); নো মোর রিফিউজি লাইফ, রিটার্নিং ইজ আওয়ার রাইটস (আর নয় শরণার্থী জীবন, ফিরে যাওয়া আমাদের অধিকার)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে তাদের দীর্ঘদিনের প্রত্যাবাসনের দাবি তুলে ধরেন। তারা বলেন, নাগরিকত্ব, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে মিয়ানমারে ফিরে যেতে চান।


রোহিঙ্গা নেতা মো. জুবায়ের বলেন, বছরের পর বছর ধরে আমরা ক্যাম্পে অনিশ্চিত জীবন কাটাচ্ছি। আমাদের একটাই দাবি, নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে নিজ দেশে ফিরিয়ে নেওয়া হোক। আমরা আর শরণার্থী হয়ে জীবন কাটাতে চাই না।

তিনি বলেন, বাংলাদেশ আমাদের আশ্রয় দিয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু কোনো মানুষই চিরকাল নিজের দেশ ছেড়ে অন্যের আশ্রয়ে থাকতে চায় না। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে আমরা নিরাপদে মাতৃভূমিতে ফিরতে পারি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্র জানায়, সফরের অংশ হিসেবে মার্কিন প্রতিনিধিদল উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তারা রোহিঙ্গাদের জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।

এদিন বেলা ১১টা ৫৫ মিনিটে ১৪ সদস্যের প্রতিনিধিদলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও ছিলেন। বিমানবন্দর থেকে তারা সড়কপথে উখিয়ার শরণার্থীশিবিরে যান।

আরআরআরসি কার্যালয় জানায়, বিকেলে প্রতিনিধিদলের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সফর শেষে সন্ধ্যায় তাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   যুক্তরাষ্ট্র  দক্ষিণ এশিয়া  মধ্য এশিয়া  দূত  সার্জিও গোর  সময়ের আলো  মার্কিন প্রতিনিধিদল  কক্সবাজার  উখিয়া  রোহিঙ্গা ক্যাম্প  রোহিঙ্গা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: