ড্রোন ফুটেজে নির্মল পুরজাসহ চার পর্বতারোহীর নিথর দেহের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের ব্রড পিকে ভয়াবহ তুষারধসের ঘটনায় নিখোঁজ ১০ পর্বতারোহীর মধ্যে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলে জানিয়েছেন উদ্ধার

2026-07-31T22:16:59+00:00
2026-07-31T22:37:05+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানের ব্রডপিক পর্বতে তুষারধস
ড্রোন ফুটেজে নির্মল পুরজাসহ চার পর্বতারোহীর নিথর দেহের সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:১৬ পিএম  আপডেট: ৩১.০৭.২০২৬ ১০:৩৭ পিএম
ব্রড পিকে নেপাল, পাকিস্তান, ওমান, চীন ও যুক্তরাষ্ট্রের পর্বতারোহীদের নিয়ে অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন নির্মল পুরজা। ছবি : গার্ডিয়ান
পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের ব্রড পিকে ভয়াবহ তুষারধসের ঘটনায় নিখোঁজ ১০ পর্বতারোহীর মধ্যে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলে জানিয়েছেন উদ্ধার অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, উদ্ধারকারী দল এখন জীবিতদের খোঁজের পাশাপাশি মরদেহ উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) দ্য ট্যুরিজম টাইমস জানায়, ব্রড পিকে তুষারধসের পর কে-টু অভিযান বাতিল করে ফিরে আসা কয়েকজন পর্বতারোহী এবং উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয়কারীরা জানিয়েছেন, উন্নতমানের ড্রোন ও আকাশপথে অনুসন্ধান চালিয়ে এখন পর্যন্ত জীবিত কারও সন্ধান মেলেনি। তাদের মতে, তুষারধসে আটকা পড়া পর্বতারোহীদের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। 

সর্বশেষ তথ্যে জানা গেছে, ওমানের নাধিরা আল হারথি, নেপালের যুক্তা (পুর বাহাদুর) গুরুং এবং একটি অজ্ঞাত দেহাবশেষ উদ্ধার করে স্কার্দুতে নেওয়া হয়েছে। উদ্ধারকারীদের ধারণা, অজ্ঞাত দেহাবশেষটি একজন মার্কিন পর্বতারোহীর হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। 

এদিকে কনকর্ডিয়া দিক থেকে পাহাড়ে পড়ে থাকা আরও মরদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। বেসক্যাম্প থেকে পরিচালিত ড্রোনের ফুটেজে ক্যাম্প-১-এর নিচে কনকর্ডিয়া অভিমুখে নির্মল পুরজা, কিলি পেম্বা শেরপা, নিমা শেরপা এবং চীনের ওয়াং ঝংকে নিথর অবস্থায় দেখা গেছে বলে উদ্ধার অভিযানে যুক্ত ব্যক্তিরা  জানিয়েছেন।

উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় করা পর্বতারোহীদের ভাষ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তুষারধসে নিখোঁজ সব ১০ জন পর্বতারোহীই প্রাণ হারিয়েছেন। তবে পাকিস্তান সরকার, পাকিস্তান আলপাইন ক্লাব কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে সব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

পাকিস্তান সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার, বিশেষ উদ্ধারকারী দল এবং আধুনিক সরঞ্জাম নিয়ে অভিযান শুরু হয়। কিন্তু প্রতিকূল আবহাওয়া, উচ্চতা এবং দুর্গম ভূখণ্ডের কারণে উদ্ধারকাজে বড় ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে।

এর আগে পাকিস্তান আলপাইন ক্লাব (এপিসি) জানায়, বৃহস্পতিবার দুপুরে ব্রড পিকে তুষারধসের সময় ১০ সদস্যের একটি আন্তর্জাতিক পর্বতারোহী দল দুর্ঘটনার কবলে পড়ে। দলটিতে ছিলেন ছয়জন নেপালি, একজন পাকিস্তানি, একজন ওমানি, একজন মার্কিন এবং একজন চীনা পর্বতারোহী। নিখোঁজদের মধ্যে রয়েছেন বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পুরজা (নিমস দাই)।

বিশ্বের ১২তম সর্বোচ্চ পর্বত ব্রড পিক (উচ্চতা ৮,০৪৭ মিটার) পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের পর্বতারোহীরা এই শৃঙ্গ জয়ের চেষ্টা করেন। তবে প্রতিকূল আবহাওয়া ও তুষারধসের ঝুঁকির কারণে এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বতারোহণ রুট হিসেবে পরিচিত।

কে এই নির্মল পুরজা 

৪৩ বছর বয়সী নির্মল পুরজা বিশ্বের অন্যতম খ্যাতিমান পর্বতারোহী। নেপালে জন্ম নেওয়া পূর্জা কর্মজীবনের শুরুতে ব্রিটিশ সেনাবাহিনীর ব্রিগেড অব গুর্খাস-এ যোগ দেন। পরে তিনি রয়্যাল মেরিনস স্পেশাল বোট সার্ভিস (এসবিএস)-এ দায়িত্ব পালন করেন, যা যুক্তরাজ্যের অন্যতম অভিজাত বিশেষ বাহিনী।

সামরিক জীবন শেষে তিনি পেশাদার পর্বতারোহী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান। ২০১৯ সালে মাত্র ছয় মাস ছয় দিনে বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ জয় করে বিশ্বরেকর্ড গড়েন। পরবর্তীতে ২০২১ সালে তিনি আরও নয়জন নেপালি পর্বতারোহীর সঙ্গে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কে-টু-এর প্রথম সফল শীতকালীন আরোহণ সম্পন্ন করেন।

এদিকে, পাকিস্তানে নিযুক্ত যুক্তরাজ্যের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তুষারধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। দূতাবাস জানায়, নিখোঁজদের মধ্যে একজন ব্রিটিশ-নেপালি নাগরিক রয়েছেন এবং এ বিষয়ে তারা পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

অন্যদিকে, নিখোঁজ পাকিস্তানি পর্বতারোহী সোহেল সাখি গিলগিট-বালতিস্তানের হুনজা অঞ্চলের বাসিন্দা। চলতি বছরের মে মাসে তিনি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা (৮,৫৮৬ মিটার) জয় করেন। এর আগে অতিরিক্ত অক্সিজেন ছাড়াই কে-টু, নাঙ্গা পর্বত, গাশারব্রুম-১ ও গাশারব্রুম-২ আরোহণ করে তিনি পাকিস্তানের অন্যতম দক্ষ উচ্চ-উচ্চতার পর্বতারোহী হিসেবে পরিচিতি লাভ করেন। 



সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   পাকিস্তান  তুষারধস  ড্রোন ফুটেজ  পর্বতারোহী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: