চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অবস্থিত এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্ধ হয়ে গেছে। কাঁচামালের সংকট ও এলসি জটিলতায় কারখানা বন্ধ হয় বলে শ্রমিকরা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর বাংলাবাজার এলাকায় অবস্থিত কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে তিন শতাধিক শ্রমিক ও কর্মচারী অনিশ্চয়তার মুখে পড়েছেন।
কারখানা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চলছিল কাঁচামালের সংকট। এরই মধ্যে ব্যাংকে এলসি (ঋণপত্র) খুলতে জটিলতা বেড়ে গেছে। পাশাপাশি আর্থিক সংকট প্রকট রূপ নেয়। এসব কারণে কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়েছে।
এদিকে কারকাখানা বন্ধের পর পরই শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। বৈঠকে এক মাসের মধ্যে বেকার শ্রমিকদের বকেয়া বেতন, ওভারটাইমসহ সব পাওনা একযোগে পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে।
কারখানার কর্মচারী মনির আহমেদ সাংবাদিকদের বলেন, হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ৩৮৩ জন শ্রমিক ও কর্মচারী বেকার হয়েছে। কাঁচামালের অভাব ও আর্থিক সংকটের কারণেই কারখানা বন্ধ হয়েছে বলে আমরা জানি। আমরা চাই কারখানা আবার চালু হোক। পাশাপাশি বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করা হোক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এস আলম গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানগুলো গত কয়েক বছর ধরেই কাঁচামাল আমদানি, ব্যাংকিং সহযোগিতা এবং এলসি খোলার জটিলতায় ছিল। এসব কারণে এর আগেও গ্রুপটির চট্টগ্রামের একাধিক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ২০২৪ সালের ডিসেম্বরে এস আলম গ্রুপের চিনি, ইস্পাত ও বিদ্যুৎসহ অন্তত ছয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
সময়ের আলো/আতা