প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রমকে আরও আধুনিক ও শক্তিশালী করার অংশ হিসেবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিচ্ছে সরকার। শিশুদের শারীরিক-মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে ক্রীড়া শিক্ষার পাশাপাশি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিজয় সরণির র্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত বিশেষ ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ববি হাজ্জাজ বলেন, মার্শাল আর্ট কেবল শারীরিক আত্মরক্ষার কৌশল নয়; এটি মূলত একজন মানুষের মাঝে গভীর শৃঙ্খলাবোধ, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা গঠনে সহায়ক। যখন একজন শিক্ষার্থী নিজের ওপর আস্থা রাখতে শেখে, তখন সে সংঘাত এড়িয়ে চলে এবং সমাজে দায়িত্বশীল ভূমিকা রাখতে সক্ষম হয়। তাই দেশের তরুণ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কারাতে ও মার্শাল আর্টের প্রসার অত্যন্ত জরুরি।
তৃণমূল পর্যায়ে এই উদ্যোগ পৌঁছে দিতে তিনি দেশের কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে। সরকার এই পরিকল্পনা বাস্তবায়নে সব ধরনের সহায়তা প্রদান করবে বলে তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে নিজের কারাতে চর্চার স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী জানান, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণের মাধ্যমেই তার পথচলা শুরু হয়। সেই সময়ের কঠোর অনুশীলন, সহপাঠীদের সঙ্গে মেলবন্ধন এবং ব্রেকিং প্রদর্শনীর স্মৃতি আজও তাঁকে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিমন্ত্রী অর্জিত নতুন ব্ল্যাকবেল্ট ধারণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ব্ল্যাকবেল্ট তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য অভিনন্দন জানান।
সময়ের আলো/জেডি