আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উত্তর আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন।

2026-08-01T05:58:41+00:00
2026-08-01T06:04:41+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:৫৮ এএম  আপডেট: ০১.০৮.২০২৬ ৬:০৪ এএম
বাস গভীর খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
উত্তর আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি গন্তব্য থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এল কারমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায় বলে জানা গেছে।

শুক্রবার (৩১ জুলাই) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাউদেনে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

স্থানীয় সংবাদমাধ্যম এননাহার টিভির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব বুমেরদেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন আহত ব্যক্তির খোঁজখবর নিয়েছেন।

এদিকে ভয়াবহ এ দুর্ঘটনায় দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন। রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তেব্বুন বলেন, এ দুর্ঘটনার জন্য দায়ীরা ‘সড়কের অপরাধী ও সন্ত্রাসী’। তিনি জানান, তদন্ত শেষ হওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দিয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশটির সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অতিরিক্ত গতিসহ বিভিন্ন মানবিক ভুলই আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮৩৮ জন নিহত এবং ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এর আগে, গত বছরের আগস্টে আলজিয়ার্সের কাছে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত ও ২১ জন আহত হন। আর ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় বেচার অঞ্চলে একটি বাস উলটে ১৪ জনের মৃত্যু হয়েছিল।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   আলজেরিয়া  বাস খাদে  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: