ক্যানসার জয়ের স্বপ্ন দেখাচ্ছে রাশিয়ার ‘নিওঅনকোভ্যাক’ টিকা

সময়ের আলো ডেস্ক

ফিচার

বিশ্বজুড়ে প্রাণঘাতী রোগ ক্যানসারের চিকিৎসায় নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। প্রথমবারের মতো মানবদেহে প্রয়োগ করা হয়েছে রাশিয়ার তৈরি মেলানোমা (ত্বকের ক্যানসার)

2026-08-01T09:19:37+00:00
2026-08-01T09:19:37+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
ফিচার
ক্যানসার জয়ের স্বপ্ন দেখাচ্ছে রাশিয়ার ‘নিওঅনকোভ্যাক’ টিকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:১৯ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বজুড়ে প্রাণঘাতী রোগ ক্যানসারের চিকিৎসায় নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। প্রথমবারের মতো মানবদেহে প্রয়োগ করা হয়েছে রাশিয়ার তৈরি মেলানোমা (ত্বকের ক্যানসার) প্রতিরোধী টিকা। প্রাথমিক পর্যায়ের ফলাফলকে ইতিবাচক বলে দাবি করেছেন দেশটির গবেষকরা। তাদের ভাষ্য, টিকা গ্রহণকারী ব্যক্তি সুস্থ আছেন এবং তার শরীরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার মতো রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে।

রাশিয়ার ‘গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট’ এই অভিনব টিকাটি তৈরি করেছে। প্রতিষ্ঠানটির বৈজ্ঞানিক দলের প্রধান আলেকজান্ডার গিনজবার্গ রুশ সংবাদমাধ্যমকে জানান, যিনি প্রথম এই টিকা গ্রহণ করেছেন, তিনি বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছেন। তার শরীরে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। রোগীর দেহে এমন সক্রিয় উপাদান তৈরি হচ্ছে, যা টিউমার এবং এর বিস্তার (মেটাস্টেসিস) প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। তার মতে, প্রথম প্রয়োগের পর সামগ্রিক ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক।


গত বছর রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্যানসার চিকিৎসার দুটি পদ্ধতির অনুমোদন দেয়। এর একটি উন্নত পর্যায়ের মেলানোমার জন্য তৈরি এমআরএনএ-ভিত্তিক টিকা ‘নিওঅনকোভ্যাক’। অন্যটি কোলরেক্টাল বা কোলন ক্যানসারের চিকিৎসার জন্য তৈরি পেপটাইডভিত্তিক ওষুধ ‘অনকোপেপ্ট’।

চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো ‘নিওঅনকোভ্যাক’ টিকাটি মানবদেহে প্রয়োগ করা হয় ৬০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে। তিনি মেলানোমা ক্যানসারের তৃতীয় পর্যায়ে (থার্ড স্টেজ) ছিলেন এবং তার দেহে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছিল। বর্তমানে তিনি মস্কোর হারজেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

আলেকজান্ডার গিনজবার্গ জানান, ওই রোগীকে আরও দুটি ডোজ দেওয়া হবে। পুরো চিকিৎসা প্রক্রিয়াজুড়ে তার রোগপ্রতিরোধ ক্ষমতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া আরও ১০ জন ক্যানসার আক্রান্ত রোগীর জন্য পৃথকভাবে টিকা তৈরি করা হচ্ছে, যা আগামী দেড় থেকে তিন মাসের মধ্যে প্রস্তুত হবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ক্যানসার  রাশিয়া  নিওঅনকোভ্যাক  টিকা 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: