ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে পাকিস্তানি জইশ-ই-মহম্মদ জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বর্ধমান শহরের রেনেসাঁ হাউসিং থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ওই ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হামিদ মন্ডল।
স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গোপন সূত্রে খবর পায় যে, বর্ধমান শহরের রেনেসাঁ হাউসিংয়ে একটি আবাসনে হামিদ মন্ডল রয়েছে। সেই খবর পাওয়া মাত্রই স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তার কাছ থেকে একটি মোবাইল ফোন ছাড়াও বেশ কিছু ডিজিটাল তথ্য এবং অন্যান্য নথি উদ্ধার হয়। যাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে এবং মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখারও প্রমাণ মিলেছে, যা তার নিরাপত্তার বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সূত্রে আরও জানা গেছে, হামিদ মন্ডল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত। এছাড়াও, এসটিএফের সন্দেহ, কাশ্মীরের পুলওয়ামা হামলার প্রধান অভিযুক্ত সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গেও অভিযুক্তের যোগাযোগ রয়েছে। তার টাওয়ার লোকেশন ও ডিজিটাল ডিভাইস পরীক্ষার পর জানা গেছে, কাশ্মীরের জইশ-ই-মহম্মদ জঙ্গি শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ এবং বার্তা আদান-প্রদান করতেন।
গ্রেফতারের পর অভিযুক্ত হামিদ মন্ডলকে বর্ধমান আদালতে হাজির করা হলে আদালত তাকে এসটিএফ হেফাজতের নির্দেশ দেন। তারপর জিজ্ঞাসাবাদের জন্য হামিদ মন্ডলকে কলকাতার এসটিএফ সদর দফতরে নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য, বর্ধমান শহরের আবাসনটি ভাড়া নেওয়ার আগে হামিদ মন্ডল কলকাতার নিউটাউন এলাকায় একটি ফ্ল্যাটে বেশ কিছুদিন ভাড়া ছিলেন। ওই এলাকার খুব কাছেই শুভেন্দু অধিকারীর বাসভবন।
সময়ের আলো/মহু