আইইএলটিএস স্কোরের মেয়াদ থাকে কতদিন? আরও যা জানা জরুরি

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

পড়াশোনা, চাকরি বা অভিবাসনের জন্য যারা বিদেশে যেতে চান, তাদের আইইএলটিএস পরীক্ষায় কাঙ্খিত স্কোর অর্জন করতে হয়। তবে, ইংরেজি ভাষা

2026-08-01T13:31:14+00:00
2026-08-01T13:32:39+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
শিক্ষা
আইইএলটিএস স্কোরের মেয়াদ থাকে কতদিন? আরও যা জানা জরুরি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:৩১ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ১:৩২ পিএম
আইইএলটিএস স্কোরের নির্দিষ্ট মেয়াদ থাকে। ছবি : সংগৃহীত
পড়াশোনা, চাকরি বা অভিবাসনের জন্য যারা বিদেশে যেতে চান, তাদের আইইএলটিএস পরীক্ষায় কাঙ্খিত স্কোর অর্জন করতে হয়। তবে, ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা বা আইইএলটিএসের রিপোর্ট ফরম বা সার্টিফিকেটের নির্দিষ্ট মেয়াদ আছে। মেয়াদ শেষ হলে নতুন করে পরীক্ষা দিয়ে স্কোর অর্জন করতে হয়।

বর্তমান নিয়ম অনুযায়ী, অধিকাংশ দেশে আইইএলটিএস স্কোর ফল প্রকাশের তারিখ থেকে ২ বছর পর্যন্ত মেয়াদ থাকে। পরীক্ষার্থীর টিআরএফ বা টেস্ট রিপোর্ট ফরমে স্কোরের পাশাপাশি মেয়াদের সময়ও উল্লেখ থাকে। এতে সামগ্রিক ও ৪ টি অংশের পৃথক স্কোরও থাকে।

নির্দিষ্ট সময়ের পর সাধারণত বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি কিংবা শিক্ষার্থী ভিসার আবেদনের জন্য ওই স্কোর আর গ্রহণযোগ্য থাকে না। সেক্ষেত্রে পুনরায় আইইএলটিএস পরীক্ষায় অংশ নিয়ে নতুন স্কোর অর্জন করতে হয়।


দেশভেদে নিয়ম

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ২ বছরের বেশি পুরোনো আইইএলটিএস স্কোর গ্রহণ করে না। তাই আবেদন করার সময় স্কোরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কি না, সেটি আগে থেকেই যাচাই করা জরুরি।

কানাডায় স্থায়ী হতে চাইলেও, আবেদন প্রক্রিয়ার সময় আইইএলটিএস স্কোর বৈধ থাকতে হয়।

পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে আইইএলটিএস স্কোরের মেয়াদ ৩ বছর করার কোনো নিয়ম নেই। তবে, অস্ট্রেলিয়ার কিছু ‘স্কিলড মাইগ্রেশন’ কর্মসূচিতে নির্দিষ্ট শর্তে ৩ বছরের পুরনো আইইএলটিএস স্কোর গ্রহণ করা হতে পারে।

আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক চালু আছে। এর মাধ্যমে লিসেনিং, রিডিং, রাইটিং অথবা স্পিকিংয়ের মধ্যে থেকে যেকোনও একটি পরীক্ষা আবার দেওয়ার সুযোগ থাকে। প্রথম চেষ্টায় যারা ইংরেজি দক্ষতার সঠিক মূল্যায়ন পাননি, তারা ওয়ান স্কিল রিটেকের মাধ্যমে শুধু একটি স্কিলে আবার পরীক্ষা দিতে পারেন।

ওয়ান স্কিল রিটেক বেছে নেওয়া পরীক্ষার্থীরা দ্বিতীয় টেস্টের যে রিপোর্ট ফর্ম পাবেন, তা অভিবাসন এবং পড়াশোনার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। আইইএলটিএসের মূল পরীক্ষার ৬০ দিনের মধ্যেই ওয়ান স্কিল রিটেক বুক করা যাবে।

যেসব দেশে ওয়ান স্কিল রিটেক চালু রয়েছে, সেখানে পরীক্ষার্থীরা পুরো পরীক্ষা না দিয়ে শুধু একটি অংশের পরীক্ষা আবার দিতে পারেন। এই হালনাগাদ ফলও সাধারণভাবে ২ বছর বৈধ থাকে। তবে, সব বিশ্ববিদ্যালয় বা অভিবাসন কর্তৃপক্ষ এই ফলাফল গ্রহণ করে না। 

বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সময়সূচি, বৃত্তির আবেদন এবং ভিসা প্রক্রিয়ার সঙ্গে মিল রেখে আইইএলটিএস পরীক্ষা দেওয়া উচিত। এতে স্কোরের মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

সূত্র : এনডিটিভি

সময়ের আলো/মহু


  বিষয়:   আইইএলটিএস  স্কোর  মেয়াদ  উচ্চশিক্ষা  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: