বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ পুরুষ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে চূড়ান্ত হয়েছে গ্রুপ পর্বের ভাগ্য। শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে প্রতিপক্ষ জেনেছে অংশগ্রহণকারী দলগুলো। স্বাগতিক বাংলাদেশ জায়গা পেয়েছে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। তবে নেপালের ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে গেলে দলটি এই গ্রুপেই যুক্ত হবে বলে ধারনা করা হচ্ছে।
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবারের আসর। নেপালের নিষেধাজ্ঞা বহাল থাকায় আপাতত ছয়টি দল নিয়ে ড্র অনুষ্ঠিত হয়েছে। তবে সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নেপাল ‘এ’ গ্রুপে যুক্ত হবে। সে ক্ষেত্রে গ্রুপটি চার দলের হবে এবং শীর্ষ দুই দল সেমিফাইনালে জায়গা করে নেবে। আর নিষেধাজ্ঞা বহাল থাকলে বর্তমান তিন দলের গ্রুপই বহাল থাকবে।
অন্যদিকে ‘বি’ গ্রুপে একসঙ্গে পড়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে রয়েছে মালদ্বীপ। এই গ্রুপ থেকেও শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। ফলে গ্রুপ পর্বেই ভারত-পাকিস্তান দ্বৈরথ এবারের আসরের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে যাচ্ছে।
স্বাগতিক হিসেবে বাংলাদেশ শেষবার সাফ আয়োজন করেছিল ২০১৮ সালে। এবার আবারও ঘরের মাঠে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৩ সালে। এরপর দীর্ঘ সময় শিরোপার দেখা না পেলেও ২০২৩ সালে ১৪ বছরের অপেক্ষা শেষে সেমিফাইনালে উঠে নতুন আশার বার্তা দিয়েছিল দলটি।
ঘরের মাঠের সমর্থন, তুলনামূলক অনুকূল গ্রুপ এবং নকআউট পর্বে ওঠার সুযোগ-সব মিলিয়ে এবার বাংলাদেশের সামনে দীর্ঘদিনের শিরোপাখরা কাটানোর একটি বড় সুযোগ তৈরি হয়েছে। এখন নেপালের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তই নির্ধারণ করবে ‘এ’ গ্রুপের চূড়ান্ত রূপ।
সময়ের আলো/টিকে/কেএইচও