চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাপের কামড়ে জ্যোৎস্না সিংহ (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি উত্তম চৌধুরীর স্ত্রী।
স্বজনরা জানায়, রান্নাঘরের বারান্দায় চা পান করার সময় জ্যোৎস্নার ডান পায়ের গোড়ালির নিচে কিছু একটি কামড় দেয়। সেখানে দুটি রক্তের দাগ দেখা গেলে তাকে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে পথে তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি।
নিহতের দেবর শিক্ষক মানস কান্তি চৌধুরীর অভিযোগ, সময়মতো হাসপাতালে নেওয়া হলেও তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়নি। চিকিৎসকেরা অ্যান্টিভেনম দিলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো বলে দাবি করেন তিনি।
তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজর্ষী নাগ বলেন, এটি নিশ্চিতভাবে সাপের কামড় ছিল এমন প্রমাণ পাওয়া যায়নি। রোগীর শরীরে সাপের দংশনের নির্দিষ্ট ফ্যাং মার্ক বা অন্যান্য নিশ্চিত লক্ষণ না থাকায় তাকে জাতীয় চিকিৎসা নির্দেশিকা অনুযায়ী পর্যবেক্ষণে রাখা হয়। অবস্থার অবনতি হলে প্রয়োজনীয় সাপোর্ট দিয়ে দ্রুত চমেকে পাঠানো হয়।
তিনি জানান, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত ছিল, তবে নিশ্চিত প্রমাণ ছাড়া তা প্রয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে।
এদিকে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের দুই সিনিয়র রেসকিউয়ার অয়ন মল্লিক ও আমির হোসাইন শাওন স্বজনদের বর্ণনা ও উপসর্গের ভিত্তিতে ধারণা করছেন, এটি পদ্ম গোখরো সাপের কামড় হতে পারে।
তাদের মতে, এ ধরনের সাপের নিউরোটক্সিক বিষ অনেক সময় রক্ত পরীক্ষায় দ্রুত ধরা পড়ে না; তাই রোগীর শারীরিক লক্ষণ দেখা দিলে পরীক্ষার ফলের জন্য অপেক্ষা না করে অ্যান্টিভেনম প্রয়োগ গুরুত্বপূর্ণ।
সময়ের আলো/আতা