ঢাবির ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ডিসেম্বরে

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের সময়সূচি ঘোষণা করা হয়েছে। ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে

2026-08-02T16:30:40+00:00
2026-08-02T16:30:40+00:00
 
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬
শিক্ষা
ঢাবির ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ডিসেম্বরে
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৪:৩০ পিএম 
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাধারণ ভর্তি কমিটির সভা। ছবি : সময়ের আলো
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের সময়সূচি ঘোষণা করা হয়েছে। ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রোববার (২ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় জানানো হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ইউনিটগুলো হলো কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিট।

ঘোষিত সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের পরীক্ষা হবে ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

আইবিএ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও দেশের আটটি বিভাগীয় শহরে নেওয়া হবে। পরীক্ষার কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ১০০ নম্বর থাকবে ভর্তি পরীক্ষার এবং ২০ নম্বর থাকবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনী (MCQ) এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। চারুকলা ইউনিটে থাকবে ৪০ নম্বরের MCQ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা। আইবিএ ইউনিটে ৭০ নম্বরের MCQ এবং ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য শিক্ষার্থীদের ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


বিজ্ঞান ইউনিটে আবেদন করতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) জিপিএর যোগফল ন্যূনতম ৮.০ এবং পৃথকভাবে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে। মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে ৩.০ থাকতে হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য মানবিক বিভাগের শিক্ষার্থীদের জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে ৩.০ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন হবে জিপিএর যোগফল ৮.০ এবং পৃথকভাবে ৩.৫। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন হবে যোগফল ৭.৫ এবং পৃথকভাবে ৩.০।

ব্যবসায় শিক্ষা ইউনিটে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে ৩.০ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন হবে যোগফলের ন্যূনতম ৮.০ এবং পৃথকভাবে ৩.৫।

চারুকলা ইউনিটে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএর যোগফল ন্যূনতম ৬.৫ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে।

এবার বিজ্ঞান ইউনিটের ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সভায় আরও জানানো হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু হবে ২৮ মার্চ ২০২৭ থেকে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   ঢাবি  ভর্তি  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: