গাইবান্ধার সাদুল্লাপুরে পবিত্র কোরআন অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে আবু হানিফ ওরফে নিউটন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) উপজেলা ইমাম-উলামা পরিষদের লিখিত অভিযোগের পর জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
অভিযোগে বলা হয়েছে, আবু হানিফ দীর্ঘদিন ধরে ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। এছাড়া পবিত্র কোরআন ও মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, একাধিকবার সতর্ক করা হলেও তিনি এসব কর্মকাণ্ড থেকে বিরত হননি।
আবু হানিফ সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর (যোগীবাড়ী) গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। বর্তমানে তিনি জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের উত্তরপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
আটকের পর জোহরের নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও ইমাম-উলামা পরিষদের সদস্যরা সাদুল্লাপুর থানার সামনে বিক্ষোভ করেন। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় এলাকায় উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে আবু হানিফকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/এমকে