পাবনার ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনিতে মানিক হোসেন ওরফে সুমন (৩২) নামে যুবক নিহত হয়েছেন। এ সময় তার চাপাতির কোপে দোকান মালিকসহ ৩ জন গুরুতর আহত হন।
সোমবার (৩ আগস্ট) ভোররাতে উপজেলার সাহাপুর সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ভোররাতে সাহাপুর মিস্ত্রিপাড়া গ্রামের একটি দোকানে চুরির চেষ্টা চালায় সুমন। বিষয়টি টের পেয়ে দোকান মালিক হাবিবুল মণ্ডল বাধা দিলে, তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে হাবিবুলের চিৎকার শুনে তার ছেলে শাকিল ও স্বজন শাহান এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে জখম করে সুমন।
তারপর স্থানীয়রা এসে অভিযুক্ত সুমনকে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া, গুরুতর আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান জানান, তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/মহু