সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-উত্তরবঙ্গ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
উদ্ধারকাজ শেষে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটে শহিদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন থেকে সিল্ক সিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেলে রেল যোগাযোগ পুনরায় সচল হয়। পরে সয়দাবাদ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদীর উদ্দেশ্যে ছেড়ে গেছে।
সয়দাবাদ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার সকাল প্রায় ১১টার দিকে শহিদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে একমাত্র রেললাইন বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ছয় ঘণ্টা ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন দুপুর ২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিটের উদ্ধার অভিযান শেষে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে জামতৈল স্টেশনে নিয়ে যাওয়া হয়। এরপর ধীরে ধীরে রেল চলাচল স্বাভাবিক করা হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই বগিটি লাইনচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সময়ের আলো/জোই