নবম জাতীয় পে-স্কেল ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আপাতত পুরোনো বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। তবে অর্থ বিভাগ জানিয়েছে, প্রজ্ঞাপন জারি হলেই জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গে বকেয়া (এরিয়ার) হিসেবে পরিশোধ করা হবে।
অর্থ বিভাগের এক সূত্র জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। মন্ত্রিসভার অনুমোদন, আইন মন্ত্রণালয়ের ভেটিং, এসআরও জারি এবং সরকারি মুদ্রণালয়ে প্রজ্ঞাপন প্রকাশের মতো আনুষ্ঠানিকতা শেষ হলেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে।
গত বুধবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নবম বেতন কমিশনের সুপারিশ নিয়ে কাজ চলছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। অনুমোদন পাওয়ার পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।
তিনি আরও বলেন, নতুন পে-স্কেলের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কোনো সম্পর্ক নেই।
তবে আর্থিক চাপের বিষয়টি বিবেচনায় রেখে আইএমএফ নতুন পে-স্কেল বাস্তবায়ন দুই বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে।
সংস্থাটির মতে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও ভর্তুকিতে সরকারি ব্যয় বাড়লেও রাজস্ব আয় সে তুলনায় বাড়ছে না। এ অবস্থায় নতুন বেতন কাঠামো চালু হলে অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে একাধিক ধাপ অনুসরণ করতে হয়। কমিশনের প্রতিবেদন পর্যালোচনার পর সচিব কমিটির সুপারিশ, মন্ত্রিসভার অনুমোদন এবং প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির পরই নতুন পে-স্কেল কার্যকর হবে। এরপর সরকারি চাকরিজীবীরা নতুন বেতন এবং জুলাই থেকে প্রাপ্য সব বকেয়া অর্থ একসঙ্গে পাবেন।
সময়ের আলো/কেএইচও