প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৯:২০ এএম আপডেট: ০৫.০৮.২০২৬ ৯:২৬ এএম
ছবি : সংগৃহীত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস-সংলগ্ন গলফ ক্লাবে সফরের কয়েক দিন আগে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের তথ্য অনুযায়ী, গত রোববার র্যাঞ্চো পালোস ভার্দেসে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব থেকে ৩৮ বছর বয়সী জিনিন জন টায়েলেকে গ্রেপ্তার করা হয়।
কর্তৃপক্ষ জানায়, ট্রাম্পের মঙ্গলবারের নির্ধারিত রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আগে ওই ব্যক্তি গলফ ক্লাবের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তাকে ক্লাবের বিভিন্ন অংশের ছবি ও ভিডিও ধারণ করতে দেখা যায়।
তল্লাশির সময় তার পকেট থেকে ১৬ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে গাড়ি থেকে একটি লোডেড পিস্তল, যার চেম্বারে একটি গুলি প্রস্তুত অবস্থায় ছিল, এবং আরেকটি গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
শেরিফ বিভাগ জানায়, টায়েলের বিরুদ্ধে এর আগেও এল সেগুন্ডো পুলিশ বিভাগের একটি ডাকাতি মামলায় তদন্ত চলছিল।
সোমবার এফবিআইয়ের জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্সের সহায়তায় তার ডাউনি এলাকার বাসায় অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে পরিবর্তিত একটি রাইফেল, আরেকটি পিস্তল, বডি আর্মার, উচ্চক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি, রেডিও সিগন্যাল-সংক্রান্ত বিভিন্ন যন্ত্র এবং কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ‘উদ্বেগজনক’ কিছু বক্তব্যসংবলিত নোটবুক উদ্ধার করা হয়।
তবে শেরিফ বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত জনসাধারণের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা তাৎক্ষণিক হুমকির প্রমাণ পাওয়া যায়নি। টায়েলেকে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে, তা নিয়ে প্রসিকিউটররা সিদ্ধান্ত নিচ্ছেন।
আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ক্যালিফোর্নিয়া ও নেভাদা সফরের অংশ হিসেবে ট্রাম্পের এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/কেএইচ