প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:৫৪ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত সৌদি আরব ও হুতিদের মধ্যকার সংঘাত বন্ধে যেকোনো ধরনের সহায়তা দিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বাগদাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে বৈঠকে এ কথা বলেন আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে দুই মন্ত্রীর এ বৈঠক হয়। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তাঁরা।
আরাগচি বলেন, ইয়েমেনকে ঘিরে ১২ বছরের উত্তেজনা ও সংঘাত প্রমাণ করেছে, এ সংকটের কোনো সামরিক সমাধান নেই। তাই সৌদি আরব ও হুতিদের মধ্যকার সংঘাত বন্ধে সহযোগিতা করতে ইরান প্রস্তুত।
বিবৃতিতে হরমুজ প্রণালিতে সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন আরাগচি। তাঁর অভিযোগ, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলা বিভিন্নভাবে অব্যাহত রয়েছে।
এ ছাড়া ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারত্ব ও গণহত্যা বন্ধে ইসলামি দেশগুলোকে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
সময়ের আলো/জেডি