গাজীপুরের কাপাসিয়া–গাজীপুর আঞ্চলিক সড়কের বলখেলা–নরুন এলাকায় চেরাগআলী মোড়ের আগে দুটি পণ্যবাহী ট্রাক মুখোমুখি পাশ কাটাতে গিয়ে রাস্তার দুই পাশে কাত হয়ে আটকে পড়েছে। ৪ আগস্ট ভোর রাতে ঘটে যাওয়া এ ঘটনার এখন পর্যন্ত ট্রাক দুটি উদ্ধার করা সম্ভব হয়নি। এতে প্রায় ৩০ ঘণ্টা ধরে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী, সিএনজিচালিত অটোরিকশা চালক ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, সরু সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি মালবাহী ট্রাক একে অপরকে পাশ দিতে গেলে রাস্তার কিনারা দেবে যায়। এতে দুটি ট্রাকই রাস্তার দুই পাশে কাত হয়ে আটকে পড়ে। এরপর থেকেই সড়কটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে আছে।
চেরাগআলী এলাকার বাসিন্দা মো. আব্দুল কাদের বলেন, এ সড়ক অনেক সরু। দুই পাশেই মাটি নরম। ভারী ট্রাক একসঙ্গে আসলে প্রায়ই সমস্যা হয়। এবার তো পুরো রাস্তাই বন্ধ হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা মোছা. রওশন আরা বলেন, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ সবাই দুর্ভোগে পড়েছেন। দ্রুত ট্রাক দুটি সরিয়ে সড়ক চালু করা প্রয়োজন।
সিএনজিচালিত অটোরিকশা চালক মো. সোহেল মিয়া বলেন, সকাল থেকে যাত্রী নিয়ে ঘুরে বেড়াচ্ছি। রাস্তা বন্ধ থাকায় কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও জ্বালানি দুটোই বেশি খরচ হচ্ছে।
আরেক সিএনজি চালক মো. আল-আমিন বলেন, অনেক যাত্রী মাঝপথে নেমে হেঁটে পার হচ্ছেন। আমাদেরও আয় কমে গেছে। দ্রুত উদ্ধারকাজ শেষ করা দরকার।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাক দুটি উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে সড়কের দুই পাশে ছোট-বড় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। অনেক যাত্রী বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের দাবি, কাপাসিয়া–গাজীপুর সড়কের এ অংশ দীর্ঘদিন ধরে সরু ও ঝুঁকিপূর্ণ। ভারী যানবাহনের চাপ বাড়লেও সড়কটি প্রশস্ত করা হয়নি। তাই প্রায়ই এমন দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি হয়। তারা দ্রুত ট্রাক দুটি উদ্ধার এবং সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়েছেন।
সময়ের আলো/জোই