চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কায় চালকসহ ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার আরকান সড়কের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন- পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের চরখিজিরপুর এলাকার সিএনজি চালক মো. সায়েম (২৫), পশ্চিম শাকপুরা ইউনিয়নের রত্না দাশ (৪২) এবং রুনা দাশ (৩০)। একই এলাকার পম্পি দাশ (১৫) ও বৃষ্টি দাশকে (১৮) প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা যায়, উপজেলার শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একই পরিবারের কয়েকজন সদস্য একটি বিয়ের অনুষ্ঠান শেষে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে রায়খালী এলাকায় পৌঁছালে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সামনে সজোরে ধাক্কা দেয় অটোরিকশাটি। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ ৫ জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার ইসলাম বলেন, ‘রাত ১টার পর দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সিএনজি চালকের অবস্থাও গুরুতর।’
সময়ের আলো/মহু