জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকা এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত করতে ৪ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, সম্প্রতি ‘এশিয়া পোস্ট’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ওঠে। ওই অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মোহাঃ আব্দুল মালেক। কমিটির অন্য দুই সদস্য হলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর।
আদেশে বলা হয়, আগামী ১৩ আগস্ট ২০২৬ সালের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্ত শেষ করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে কোনো শিক্ষক জড়িত থাকলে তাদের শনাক্ত করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করে সুপারিশ জমা দিতে হবে।
এ ছাড়া প্রতিবেদনে উল্লেখ করা অভিযোগ অনুযায়ী, বিগত সরকারের সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন বা আন্দোলনকারীদের হুমকি দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন কি না, তাও যাচাই করবে কমিটি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এমকে