ঋণ পরিশোধ না করায় নিলামের মুখে অভিনেতা রাজপাল যাদবের পৈতৃক বাড়ি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউড অভিনেতা রাজপাল যাদব আর্থিক ও আইনি সংকটের মধ্যে পড়েছেন। ব্যাংকের নেওয়া ঋণের বকেয়া পরিশোধ করতে না পারায় ভারতের উত্তর

2026-08-06T23:18:57+00:00
2026-08-06T23:18:57+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
আনন্দ সময়
ঋণ পরিশোধ না করায় নিলামের মুখে অভিনেতা রাজপাল যাদবের পৈতৃক বাড়ি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:১৮ পিএম 
বলিউড অভিনেতা রাজপাল যাদব। সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা রাজপাল যাদব আর্থিক ও আইনি সংকটের মধ্যে পড়েছেন। ব্যাংকের নেওয়া ঋণের বকেয়া পরিশোধ করতে না পারায় ভারতের উত্তর প্রদেশের শাহজাহানপুরে অবস্থিত তার পৈতৃক বাড়ি নিলামের নোটিশ জারি করেছে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুম্বাই শাখা থেকে রাজপাল যাদব তার স্ত্রী রাধা যাদব ও মা গোদাবরী দেবীর নামে প্রায় ১৬ কোটি ৬১ লাখ রুপি ঋণ নিয়েছিলেন। তবে দীর্ঘদিন ধরে সেই ঋণ পরিশোধ না করায় ব্যাংক আইনি পদক্ষেপ নেয়।

খবরে আরও বলা হয়, এর আগে প্রায় দুই বছর আগে ব্যাংক অভিনেতাকে সতর্ক করে নোটিশ দিয়েছিল। পরে আলোচনার মাধ্যমে একপর্যায়ে সমঝোতা হলেও পরবর্তীতে তিনি আবারও ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হন।


এর পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া শাহজাহানপুরে তার পৈতৃক বাড়িতে নিলামের নোটিশ টানিয়ে দিয়েছে। ব্যাংক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না হলে আগামী ৯ সেপ্টেম্বর সম্পত্তিটি নিলামে তোলা হবে।

এর আগে, চলতি বছরের জুলাইয়ের শুরুতে ৯ কোটি রুপির একটি চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। একই মামলায় গত ফেব্রুয়ারিতে তাকে প্রায় ১১ দিন দিল্লির তিহার কারাগারেও থাকতে হয়েছিল। পরে দিল্লি হাইকোর্ট থেকে তিনি শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন পান। তবে মামলার বাদীকে বকেয়া অর্থ পরিশোধ করতে না পারায় আবারও আইনি জটিলতায় পড়েন তিনি।

এদিকে রাজপাল যাদবের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি পুরোনো এবং ঋণ পরিশোধের বিষয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সমস্যার সমাধান হবে এবং সম্পত্তি নিলামের পরিস্থিতি তৈরি হবে না বলেও তারা আশা প্রকাশ করেছেন।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   ঋণ পরিশোধ  নিলাম  অভিনেতা  রাজপাল যাদব  পৈতৃক বাড়ি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: